ঢাকায় ভূগর্ভস্থ পার্কিংয়ের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ির জন্য ভূগর্ভস্থ পার্কিংব্যবস্থা করা ছাড়া ঢাকা শহরের যানজট নিরসন সম্ভব নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটি এক বছর ধরে যানবাহনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে পরামর্শ করে এই মতে উপনীত হয়েছে। সে জন্য তারা রাজধানীর বিভিন্ন খেলার মাঠ ও কাঁচাবাজারের নিচে পার্কিংব্যবস্থা তৈরির প্রস্তাব করে প্রতিবেদন জমা দিয়েছে।
প্রতিবেদনটি ৪ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়েছে। কমিটির সভাপতি টিপু মুনশি প্রথম আলোকে বলেন, এ নিয়ে কমিটির আগামী বৈঠকে আলোচনা হবে। তারপর তা সুপারিশ আকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।
রাজধানী ঢাকার যানজট নিরসনে গত বছরের ৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আবু সাঈদ আল মাহমুদকে আহ্বায়ক এবং আবুল কালাম আজাদ ও ফখরুল ইমামকে সদস্য করে এই উপকমিটি করা হয়। কমিটি গত এক বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, ঢাকা মেট্রোপলিটন ও ট্রাফিক পুলিশ, সড়ক ও সেতু বিভাগ, বিআরটিএ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি, ওয়াসা, রাজউক এবং বিভিন্ন সড়ক পরিবহন সমিতির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে প্রতিবেদনটি চূড়ান্ত করে।
প্রতিবেদনে বলা হয়, প্রাকৃতিক পরিবেশের ক্ষতি না করে ঢাকা শহরের গাড়ির পার্কিংব্যবস্থা ভূমির উপরিভাগ থেকে নিচে নেওয়া সম্ভব হলে যানজট অনেকাংশে কমে যাবে। এ জন্য ঢাকা মোহামেডান ক্লাব ও সংলগ্ন ক্লাবের মাঠ, জীবন বীমার সামনের রাস্তা ও পার্ক, গুলিস্তান পার্ক, ওসমানী উদ্যান, শাহবাগ মোড় থেকে টিএসসির রাস্তা, সায়েন্স ল্যাব মাঠ, ঢাকা কলেজ মাঠ, নিউমার্কেটের পেছনে কাঁচাবাজার, কলাবাগান ক্লাব, আবাহনী ক্লাব ও লালমাটিয়া খেলার মাঠ, কারওয়ান বাজার ও তেজকুনিপাড়া কাঁচাবাজার, তিতুমীর কলেজের মাঠ, মহাখালী টিবি হাসপাতাল, গুলশান-১-এর ডিসিসি মার্কেট, গুলশান-২-এর সাবেক ওয়ান্ডারল্যান্ড মাঠ ও বনানীর একাধিক মাঠের নিচে গাড়ির জন্য পার্কিংব্যবস্থা করা যেতে পারে।
জানতে চাইলে উপকমিটির আহ্বায়ক আবু সাঈদ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, রাজধানী শহর যাতে মানুষের বসবাসের উপযোগী থাকে, সেটা বিবেচনায় নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। উপকমিটি মনে করে, ভূগর্ভস্থ পার্কিংব্যবস্থা ছাড়া ঢাকা শহরকে যানজটমুক্ত করা সম্ভব নয়।
প্রতিবেদনে বলা হয়, গুলশান, বনানী ও মহাখালীর আবাসিক এলাকা থেকে অফিস, রেস্তোরাঁ ও শিক্ষাপ্রতিষ্ঠান সরিয়ে নিয়ে পূর্বাচলে সড়কের মধ্যবর্তী স্থানে জমি অধিগ্রহণ করে স্থানান্তর করতে বলা হয়েছে। বেসরকারি বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টারগুলো কাগজে-কলমে অলাভজনক প্রতিষ্ঠান হলেও বাস্তবে লাভজনক। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পারিবারিক গাড়িতে আনা-নেওয়ার কারণে যানজট হয়। কমিটি অবিলম্বে এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য পরিবহনব্যবস্থা চালু করার সুপারিশ করেছে।
এ ছাড়া যানজট নিরসনে পুলিশ সার্জেন্ট ও ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধি করা এবং সাধারণ মানুষকে আন্ডারপাস ও ফুটওভারব্রিজ ব্যবহারে উদ্বুদ্ধ বা বাধ্য করার ওপর তাগিদ দেওয়া হয়েছে। প্রস্তাবে মহাখালী ফ্লাইওভার থেকে অতিরিক্ত একটি লুপ তৈরি করে তা মহাখালী বাসস্ট্যান্ড সড়কে যুক্ত করা, শহরের বাইরে বাইপাস সড়ক তৈরি করা এবং একটি মন্ত্রণালয়ের একাধিক দপ্তর দূরবর্তী একাধিক জায়গায় না রেখে এক জায়গায় কেন্দ্রীভূত করতে বলা হয়েছে।
প্রস্তাবে যানজটমুক্ত করা ও পরিবহনব্যবস্থাকে গতিশীল করতে মেট্রোরেল (এমআরটি-৬) লাইনটির মূল পরিকল্পনায় কিছুটা পরিবর্তন করে চার লেনে যানবাহন চলাচলের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে, সব মোড় ও ইউ টার্নের জায়গাগুলো যানজটের মূল কারণ। এই জট রোধে রামপুরা-হাতিরঝিলের মতো ভূমির উপরিভাগে ইউলুপ নির্মাণ করতে হবে। যুক্তিসংগত জায়গায় সরিয়ে নিতে হবে বিভিন্ন মোড়ে অবস্থিত বাসস্টপেজগুলো।
বাস-বে পদ্ধতি: প্রস্তাবে মিরপুর রোড, বিমানবন্দর রোড, সাতরাস্তা, প্রগতি সরণি, সাতমসজিদ রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বাস-বে পদ্ধতি চালু করতে বলা হয়েছে। এই সময়ে এসব পৃথক লেনে বাস ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এ ছাড়া গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালকে বহুতল টার্মিনালে রূপান্তর করা এবং সামনের প্রধান সড়কের ওপরে যান চলাচলের জন্য ইউ লুপ করার সুপারিশ করা হয়েছে।
কমিটি স্বল্প শিক্ষিত গাড়িচালকদের বেপরোয়া গাড়ি চালানো এবং বিত্তবান ও ক্ষমতাবান প্রাইভেট গাড়িচালকদের আইনবহির্ভূত ও রাস্তার বিপরীত দিক দিয়ে গাড়ি চালনা রোধেও কিছু সুপারিশ করেছে। এ ছাড়া ট্রাফিক আইন ভঙ্গকারী গাড়িচালকদের সাত দিনব্যাপী সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আইনকানুন, শারীরিক ও মনস্তাত্ত্বিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া এবং ট্রাফিক আইন ভঙ্গের জন্য উচ্চ হারে জরিমানা করতে বলা হয়েছে।
পতাকাস্ট্যান্ড অপসারণ: প্রতিবেদনে প্রাধিকার নেই—এমন ব্যক্তিদের গাড়ি থেকে পতাকাস্ট্যান্ড, স্টিকার ও ভিআইপি হর্ন সরিয়ে ফেলা, ভিআইপি ব্যক্তির দুটি গাড়ি ছাড়া বাকি গাড়ি থেকে পতাকাস্ট্যান্ড নামিয়ে ফেলা এবং মহানগরের বাইরে জেলা প্রশাসনের একটি গাড়ি ব্যতীত অন্য গাড়ি থেকে পতাকাস্ট্যান্ড সরিয়ে ফেলার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ভিআইপি ব্যক্তিদের গাড়ি যেন কোনোভাবে রাস্তার বিপরীত দিক দিয়ে চলাচল করতে না পারে, সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।