ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় ভূমিকম্প হলে তা মোকাবিলার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেই। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগের আগে ও পরে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। এ জন্য বাস্তবসম্মত একটি কর্মপরিকল্পনা এখনই তৈরি করতে হবে।গতকাল মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত এক কর্মশালার সমাপনী অধিবেশনে বক্তারা এ অভিমত দিয়েছেন।যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ড (ইউএস প্যাকম) ও বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) যৌথভাবে ‘টেম্পেস্ট এক্সপ্রেস ২২ বা সেতুবন্ধ’ শীর্ষক এই বহুজাতিক কর্মশালার আয়োজন করে। দুর্যোগে সাড়া দেওয়া-সংশ্লিষ্ট পরিকল্পনা-সংক্রান্ত ১০ দিনের বহুজাতিক এই কর্মশালায় ২২টি দেশের ১৪৪ জন প্রতিনিধি অংশ নেন।প্রধান অতিথির বক্তৃতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় উন্নতি হয়েছে। জনগণের দৃঢ়চেতা মানসিকতা ও সহায়তার কারণে সাম্প্রতিক কালের দুর্যোগে ক্ষয়ক্ষতি এড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ সাফল্যের পরিচয় দিয়েছে। তিনি বলেন, অন্যান্য ক্ষেত্রের মতো বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার উন্নয়নে যুক্তরাষ্ট্র সহযোগিতা দেবে।কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেন, ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় ভূমিকম্প হলে ধ্বংসাবশেষ সরানোটা বিরাট চ্যালেঞ্জ হবে। এ রকম পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্র সহায়তা দেবে। তিনি জানান, ভূমিকম্পসহ দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির ওপর আগামী জুলাই ও সেপ্টেম্বরে ঢাকায় দুই দফা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ কর্মশালা ও মহড়ার আয়োজন করা হবে।কর্মশালায় মজীনা বলেন, এ ধরনের বাস্তবভিত্তিক অনুশীলন সবার মধ্যে সমঝোতা, আস্থা ও বিশ্বাস তৈরি করবে। বিশেষ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-সংস্থা, সামরিক বাহিনী, গণমাধ্যম, স্বেচ্ছাসেবী, সাধারণ জনগণ সবাই সংঘবদ্ধ ও যথাযথভাবে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিতে পারবে।সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেন, ভূমিকম্পের ফলাফল এখনো এক অজানা বিষয়। এ জন্য অনেক পদক্ষেপ নিতে হবে। এ ধরনের কর্মশালা ভূমিকম্প মোকাবিলায় যথাযথ কর্মকৌশল প্রণয়নে সহায়তা করবে।কর্মশালার প্রধান সমন্বয়কারী লেফটেন্যান্ট কর্নেল এ জে এম ইমদাদুল ইসলাম ১০ দিনের এই অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন। এর মধ্যে ৭ থেকে ৯ মে তিন দিন কর্মশালায় ঢাকার ভূমিকম্প মোকাবিলা ও পরবর্তী পরিস্থিতি নিয়ে করণীয় সম্পর্কে আলোচনা হয় বলে তিনি জানান।