ঢাকায় ভোট চাইতে মাঠে নামবেন শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জানুয়ারির নির্বাচন উপলক্ষে রাজধানী ঢাকা তিনটি আসনে নৌকা মার্কায় ভোট চাইতে মাঠে নামবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনা কাল বুধবার বেলা দুইটায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে, বেলা তিনটায় পল্লবীর হারুন মোল্লা ঈদগাঁ খেলার মাঠে ও বিকেল চারটায় উত্তরার আজমপুর বাসস্ট্যান্ডসংলগ্ন রবীন্দ্রসরণিতে পৃথক তিনটি জনসভায় দলীয় প্রার্থীর জন্য ভোট চেয়ে বক্তৃতা করবেন। পরদিন বৃহস্পতিবার রাজধানীর আরও দুটি স্থানে তিনি নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
এ নিয়ে গতকাল সোমবার রাতে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং ঢাকার প্রতিটি আসনের সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভা থেকে সংসদ সদস্য পদে দলীয় প্রার্থীদের নিজ নিজ এলাকায় ভোটের আমেজ সৃষ্টি এবং ভোটের আগের দিন পর্যন্ত প্রত্যেককে নিজ নিজ এলাকায় সতর্ক থাকতে বলা হয়েছে। জনসভায় লাঠির পরিবর্তে নৌকা নিয়ে মিছিল করতে বলা হয়েছে।
এ ছাড়া ভোটের আগে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ৩ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।