ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের প্রথম দিনটি কর্মব্যস্ততায় কেটেছে। তিনি গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় একটি বিশেষ বিমানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।বিমান থেকে নামার পর টারমাকে মনমোহন সিং ও তাঁর স্ত্রী গুরশরণ কাউরকে দুই শিশু ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনমোহনকে অভ্যর্থনা জানান।বিমানবন্দরে ভারতীয় প্রধানমন্ত্রীকে ১৯ বার তোপধ্বনি দিয়ে ঢাকায় স্বাগত জানানো হয়। এরপর তিন বাহিনীর সুসজ্জিত একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তখন বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত বাজানো হয়। গার্ড পরিদর্শনের পর মনমোহন সিংকে মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা ও শীর্ষপর্যায়ের কূটনীতিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিমানবন্দর থেকে মনমোহন সিং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান। সেখান থেকে তিনি সোনারগাঁও হোটেলে আসেন।বিকেল চারটার পর প্রথমে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোনারগাঁও হোটেলে মনমোহন সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।ভারতের প্রধানমন্ত্রী বিকেল পাঁচটায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ৪৫ মিনিট একান্তে বৈঠক করেন। এরপর দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আনুষ্ঠানিক বৈঠক হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। রাত আটটায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে যোগ দেন মনমোহন সিং।১৯৯৯ সালের পর ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর। মনমোহন সিং ঢাকায় ১৩৭ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।সফরের দ্বিতীয় দিনে আজ বুধবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘বাংলাদেশ, ভারত ও দক্ষিণ এশিয়া’ শীর্ষক বক্তব্য দেবেন মনমোহন সিং। অনুষ্ঠান শেষে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখান থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। পরে বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও মহাজোটের শরিক কয়েকটি দলের নেতা মনমোহন সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেল পাঁচটা ২৫ মিনিটে দেশে ফেরার জন্য বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি।