ঢাকায় মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকায় পৌঁছেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসঙ্গী হলেও এক দিন আগে তিনি ঢাকায় এলেন।
মমতাকে বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ গতকাল শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানান। এরপর তাঁকে হোটেল র্যাডিসন ব্লুতে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি এ হোটেলেই থাকবেন।
মমতা বন্দ্যোপাধ্যায় ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে ঢাকায় এসেছেন। আজ শনিবার দুই দেশের মধ্যে স্থলসীমান্ত অনুসমর্থনের দলিল হস্তান্তরসহ আনুষ্ঠানিক বৈঠকে তিনি উপস্থিত থাকবেন। ওই বৈঠকে যাওয়ার আগে হোটেল সোনারগাঁওয়ে তিনি নরেন্দ্র মোদির সঙ্গে একান্তে বৈঠক করবেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় বাংলাদেশ সফর। মুখ্যমন্ত্রী হওয়ার আগে ১৯৯৮ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন মমতা।
দুই দিনের সফরে নরেন্দ্র মোদির আজ শনিবার সকাল ১০টার দিকে ঢাকা পৌঁছানোর কথা।