ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক মো. মিজানুর রহমানকে আটক ও সীমান্তে নির্বিচারে গুলিবর্ষণের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মুস্তাফা কামাল মিয়ানমারের রাষ্ট্রদূতকে তাঁর দপ্তরে ডেকে পাঠান। তিনি অবিলম্বে বিজিবির নায়েক মো. মিজানুর রহমানের মুক্তির দাবি জানান। এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে তিনি মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে একটি চিঠি হস্তান্তর করেন। বাংলাদেশের পক্ষ থেকে আগামী দিনে এ ধরনের তত্পরতা রোধে বিস্তারিত তদন্তের দাবি জানানো হয়েছে।
মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থান এ সময় সচিবকে আশ্বস্ত করেছেন, বাংলাদেশের উদ্বেগের বিষয়টি মিয়ানমারের যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে। মিয়ানমার থেকে জবাব পাওয়ার পর তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে তা জানাবেন।
বিজিবির এক জ্যেষ্ঠ কর্মকর্তা আজ রাতে প্রথম আলোকে জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ির পানছড়ি বিওপির ২০ সদস্যের বিজিবির একটি দল আজ সকালে ৫২ নম্বর সীমান্ত পিলারের কাছে যায়। সীমান্ত পিলারের কাছে পৌঁছামাত্র বিজিবি সদস্যদের ওপর নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ। গুলি থামার পর থেকে নিখোঁজ রয়েছেন বিজিবির সদস্য নায়েক মিজান। সীমান্ত পিলারসহ আশপাশের বেশ কিছু গাছে অসংখ্য গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে বিজিবির একটি দায়িত্বশীল সূত্র।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুলিবর্ষণের ঘটনার তদন্ত ও আটক বিজিবি সদস্যের মুক্তি দাবি করে ইতিমধ্যেই মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।