ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে আটক ও সীমান্তে নির্বিচারে গুলিবর্ষণের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে গতকাল বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়৷ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মুস্তাফা কামাল গতকাল মিয়ানমারের রাষ্ট্রদূতকে তাঁর দপ্তরে ডেকে পাঠান৷ তিনি অবিলম্বে বিজিবির নায়েক মো. মিজানুর রহমানের মুক্তির দাবি জানান। তিনি এ ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে একটি চিঠি হস্তান্তর করেন। এতে বাংলাদেশের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের তৎপরতা রোধে বিস্তারিত তদন্তের দাবি জানানো হয়েছে।
মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থান এ সময় সচিবকে আশ্বস্ত করে বলেছেন, বাংলাদেশের উদ্বেগের বিষয়টি মিয়ানমারের যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে। মিয়ানমার থেকে জবাব পাওয়ার পর তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে তা জানাবেন।
বিজিবির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গত রাতে প্রথম আলোকে জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির পানছড়ি বিওপির ২০ সদস্যের একটি দল গতকাল সকালে ৫২ নম্বর সীমান্ত পিলারের কাছে যায়। পিলারের কাছে পৌঁছামাত্র বিজিবি সদস্যদের ওপর নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ। গুলিবর্ষণ থামার পর থেকে নিখোঁজ রয়েছেন বিজিবি সদস্য নায়েক মিজান।