ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের এক মন্ত্রীর অযাচিত মন্তব্যের জের ধরে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত মিয়ো মিন্ট থানকে গতকাল শুক্রবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। এ সময় ওই মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের বক্তব্য ভারত মহাসাগরে মানব পাচারের সংকট দূর করতে বাংলাদেশ ও মিয়ানমারের সমন্বিত প্রয়াসকে বানচাল করে দেবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করার বিষয়টি গতকাল বিকেলে প্রথম আলোর কাছে নিশ্চিত করেছেন।
জানা গেছে, গতকাল দুপুরে অতিরিক্ত পররাষ্ট্রসচিব মিজানুর রহমান রাষ্ট্রদূত মিয়ো মিন্ট থানকে তলব করেন। এ সময় তাঁর কাছে মিয়ানমারের মন্ত্রী উ জ আয়ে নংয়ের বক্তব্য সম্পর্কে জানতে চাওয়া হয়। বিশেষ করে গত ২৯ মে ব্যাংকক বৈঠকে মানব পাচার সমস্যার সমন্বিত উপায়ে সমাধানের পক্ষে মিয়ানমারের সায় ছিল। সে ক্ষেত্রে গত বৃহস্পতিবারে দেওয়া ওই মন্ত্রীর মন্তব্য ‘মর্যাদাহানিকর’ এবং ‘অপ্রতিবেশীসুলভ’ মনোভাবের বহিঃপ্রকাশ।
গতকাল মিয়ো থান্ট ঢাকার কর্মকর্তাদের জানান, ওই বক্তব্য মিয়ানমারের সরকারি অবস্থান নয়। ওই মন্ত্রী ব্যক্তিগতভাবে ওই মন্তব্য করেছেন।
পরে তাঁকে একটি কূটনৈতিক পত্র তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
গত বৃহস্পতিবার মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কূটনীতিক ব্রিফিংয়ে ইয়াঙ্গুন অঞ্চলের রাখাইন-বিষয়ক মন্ত্রী উ জ আয়ে নং বলেন, আর্থসামাজিক দুরবস্থার কারণে বাংলাদেশের লোক অবৈধভাবে দেশান্তরিত হতে বাধ্য হচ্ছেন।
ওই ব্রিফিংয়ে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুফিউর রহমান বলেছেন, মিয়ানমারের উপকূলে সাগরে ভাসমান নৌযান থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের সবাই বাংলাদেশি নয়। অভিবাসী সংকটের মূল কারণ চিহ্নিত করার আগে উদ্ধার হওয়া লোকজনকে অবশ্যই অত্যন্ত সতর্কভাবে শনাক্ত করতে হবে।
এর আগে মিয়ানমার দাবি করেছিল, উপকূলে উদ্ধার হওয়া সব নাগরিকই বাংলাদেশি।
এদিকে সম্প্রতি মিয়ানমারের উপকূলে উদ্ধার হওয়া ১৫০ বাংলাদেশির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। আগামী ৮ জুন তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।
দ্বিতীয় দফায় কবর খোঁড়া শুরু: মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় পারলিস প্রদেশে সম্প্রতি আবিষ্কৃত ১৩৯টি কবরের মধ্যে দ্বিতীয় দফায় ৯১টি কবর খোঁড়ার কাজ গতকাল থেকে শুরু হয়েছে। আগামী বুধবারের মধ্যে এ কাজ শেষ হতে পারে। দেশটির পুলিশের মহাপরিদর্শক তান সেরি খালিদ আবু বকর এ কথা জানান।
কর্মকর্তারা জানান, প্রথম দফায় কবর খুঁড়ে ৩৫ ব্যাগ হাড়গোড় ও দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার জন্য এগুলো সুলতানা বাহিয়াহ হাসপাতালে পাঠানো হচ্ছে। এদিকে কবরগুলোর স্থানে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করেছে পুলিশ।
থাই প্রধানমন্ত্রীর অঙ্গীকার: থাইল্যান্ডে গতকাল প্রথমবারের মতো পালিত হলো মানব পাচারবিরোধী দিবস। এ উপলক্ষে এক ভাষণে থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চান-ওচা বলেন, মানব পাচার নির্মূল করতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাচারকারী সে যত গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সরকারি কর্মকর্তাই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।
রোহিঙ্গা প্রশ্নে মার্কিন উদ্বেগ: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে অব্যাহতভাবে বৌদ্ধ সম্প্রদায় ও সরকারের নির্মম নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নিয়মিত ব্রিফিংয়ে এ উদ্বেগের কথা জানান মুখপাত্র মেরি হার্ফ।