ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে গভীর উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের ফলে সৃষ্ট পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। এর ফলে নারী, শিশু, বয়স্কসহ সেখানকার সংখ্যালঘু রোহিঙ্গা নাগরিকেরা প্রাণ বাঁচাতে বাংলাদেশে ঢুকে পড়ছে। এসব লোক যাতে ভয়ভীতি ছাড়া আবাসভূমিতে প্রত্যাবর্তন করতে পারে, তা নিশ্চিত করতে রাখাইন রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে মিয়ানমারকে ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ।
গতকাল বুধবার দুপুরে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশ উদ্বেগ জানায়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় ও কনস্যুলার) কামরুল আহসান মিয়ানমারের রাষ্ট্রদূতের হাতে একটি কূটনৈতিক পত্র তুলে দেন।
এদিকে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় একটি দায়িত্বশীল দেশের যা যা করা উচিত, তার সবকিছুই করছে বাংলাদেশ।
মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলবের কিছুক্ষণ পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় অভিবাসন ও উন্নয়নবিষয়ক বৈশ্বিক ফোরাম বা জিএফএমডি সম্মেলন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পররাষ্ট্রসচিব শহীদুল হক জানান, মিয়ানমারের রাষ্ট্রদূতকে দুপুরে মন্ত্রণালয়ে ডেকে বাংলাদেশের অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সংকট সৃষ্টির পর তা সমাধানের জন্য মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সে দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ হয়েছে।
শহীদুল হক বলেন, ‘আমি নিজেও মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। তার সবকিছুই খোলাখুলিভাবে আপনাদের (সাংবাদিকদের) জানানো সম্ভব নয়। আমরা সমস্যার উৎসে গিয়ে সমাধান খুঁজে বের করার কথা বলেছি।’
আজ দিনের কোনো এক সময় পরিস্থিতি নিয়ে ঢাকায় বিদেশি কূটনীতিকদের পক্ষ থেকে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
রাষ্ট্রদূতকে তলব
গতকাল দুপুরে কামরুল আহসান তাঁর দপ্তরে তলব করেন মিউ মিন্ট থানকে। প্রায় আধা ঘণ্টা মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে আলাপের পর তাঁর হাতে বাংলাদেশের একটি আনুষ্ঠানিক চিঠি দেন মন্ত্রণালয়ের সচিব।
তলব শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান মিউ মিন্ট থান।
জানতে চাইলে কামরুল আহসান সাংবাদিকদের বলেন, ‘রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে আমাদের উদ্বেগ তুলে ধরেছি। সেখানকার লোকজনের দেশে ফিরে যাওয়ার পথ নিশ্চিত করতে আমরা তাদের পরিস্থিতির উন্নতি ঘটাতে বলেছি। এ ব্যাপারে রাষ্ট্রদূতের হাতে একটি কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে।’
ওই বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিয়ানমারের রাষ্ট্রদূত বাংলাদেশের উদ্বেগের বিষয়গুলো শুনেছেন। তবে গণমাধ্যমে প্রচারিত খবরগুলো ঠিক নয় বলে মিয়ানমার সরকার এর মধ্যেই যে অবস্থান নিয়েছে, সেটি গতকাল তিনিও বলার চেষ্টা করেছেন। বাংলাদেশ এ সময় বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে তাঁকে স্পষ্ট করে জানিয়েছে, মাঠপর্যায়ের পরিস্থিতি মিয়ানমারের দাবির যৌক্তিকতা প্রমাণ করছে না।
তলবের পর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়। মূলত রাষ্ট্রদূতের কাছে দেওয়া চিঠির প্রতিপাদ্য বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে অভিযান চালিয়ে যাওয়ায় সেখানকার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এ নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের গভীর উদ্বেগের কথা জানান কামরুল আহসান। কারণ, ওই অভিযান সেখানকার লোকজনের জীবনকে চরম দুর্বিষহ করে তুলেছে, যার প্রভাব পড়ছে বাংলাদেশেও।
বাংলাদেশের উদ্বেগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মিয়ানমারের রাষ্ট্রদূতকে জানান, রাখাইনে মানবিক বিপর্যয়ের কারণে সেখানকার লোকজন নিরাপত্তা ও আশ্রয়ের খোঁজে মরিয়া হয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে। বাংলাদেশের সীমান্তরক্ষীদের অব্যাহত চেষ্টার পরও নারী, শিশু, বয়স্কসহ মিয়ানমারের নাগরিকদের বিপুল হারে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটছে। আরও কয়েক হাজার লোকের সীমান্তের কাছে জড়ো হওয়ার খবর পাওয়া গেছে।
রাখাইন রাজ্য থেকে মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশে অনুপ্রবেশ প্রতিরোধের জন্য এ দেশের সীমান্তের সার্বভৌমত্ব রক্ষায় মিয়ানমারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। রাখাইন রাজ্যের পরিস্থিতির জন্য বাংলাদেশকে দায়ী করার ব্যাপারে মিয়ানমারের গণমাধ্যমের প্রবণতারও সমালোচনা করেছেন কামরুল আহসান।
রাখাইন রাজ্যে বঞ্চনা এবং সেনাবাহিনীর চলমান অভিযোগের সময় মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের এই দাবি বিবেচনায় নিতে মিয়ানমারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।