ঢাকায় মিয়ানমারের সঙ্গে সীমান্ত সম্মেলন শুরু
ঢাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে এ বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক এবং মিয়ানমার পুলিশ ফোর্সের চিফ অব পুলিশ জেনারেল স্টাফের (এমপিএফ) মধ্যে আজ রোববার থেকে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। ৬ এপ্রিল সম্মেলনের যৌথ দলিল স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
বিজিবি ও এমপিএফ—দুই পক্ষেরই আলোচ্যসূচিতে সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের বিষয়টি রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে যে যে বিষয় আলোচিত হবে, সেগুলো হলো মিয়ানমারের নাগরিকদের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ, অবৈধ মাদক বা নেশাজাতীয় দ্রব্য, বিশেষ করে ইয়াবা পাচার রোধ, ইয়াবা উৎপাদনের উৎস ও নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বাংলাদেশি জেলেদের আটক করা, নিয়মিত পতাকা বৈঠক ও সমন্বিত টহলের আয়োজন এবং দুই বাহিনীর মধ্যে খেলাধুলা আয়োজন ও প্রশিক্ষণ বিনিময়।
মিয়ানমার প্রতিনিধিদলের পক্ষ থেকে সীমান্ত অপরাধ বা অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ, আটক করা বাংলাদেশি নাগরিক, বিশেষ করে জেলে ও মাছ ধরা নৌকা সম্পর্কিত তথ্য বিনিময়, মাদক পাচার প্রতিরোধ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনার কথা বলা হয়েছে।
এই সীমান্ত সম্মেলনে যোগ দিতে মিয়ানমারের চিফ অব পুলিশ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো শোয়ে উইনের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করছে। ওই দলে মিয়ানমার পুলিশ ফোর্সের শীর্ষ কর্মকর্তারা আছেন। বিজিবির অতিরিক্ত মহাপরিচালক মো. আনিছুর রহমান, এনডিসির নেতৃত্বে ১৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করছেন। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সার্ভে অব বাংলাদেশ, বাংলাদেশ কোস্টগার্ড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরা থাকছেন।