ঢাকায় যাওয়ার পর চট্টগ্রামের এক ব্যবসায়ী নিখোঁজ
দোকানের মালামাল কিনতে ঢাকায় যাওয়ার পর ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন চট্টগ্রামের এক ব্যবসায়ী। তাঁর নাম ওসমান গণি (৪০)। গত ১৯ জুন তিনি ঢাকার বঙ্গবাজারে যান মালামাল কিনতে। ওই দিন মধ্যরাতের পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে।ওসমান গণির পারিবারিক সূত্র জানায়, ঢাকায় যাওয়ার সময় ওসমানের সঙ্গে এক লাখ টাকা এবং সাড়ে তিন লাখ টাকার চেক ছিল। তারা সংশ্লিষ্ট ব্যাংকে খোঁজ নিয়ে জেনেছে, ওই চেক দিয়ে ব্যাংক থেকে টাকাও তোলা হয়েছে।ওসমানের বাবা উলা মিয়া ফকির গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘আমার আশঙ্কা, ছেলে হয়তো বড় ধরনের বিপদে পড়েছে। তাকে হয়তো অপহরণ করা হয়েছে।’ওসমান গণি নিখোঁজ হওয়ার ঘটনায় গত ২১ জুন তাঁর বন্ধু মো. জসিম উদ্দিন রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাতে তিনি উল্লেখ করেন, ১৯ জুন রাত থেকে ওসমান গণির মুঠোফোন বন্ধ রয়েছে। তিনি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের তামাকুমন্ডি লেনে থ্রি স্টার প্লাস নামের একটি দোকানের মালিক।