ঢাকায় যান চলাচল বাড়লেও মানুষ কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে ঢাকায় কোনো নাশকতা বা সহিংসতা হয়নি। কয়েকটি স্থানে জোটের ঝটিকা মিছিল ও কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ রাজধানীতে অবরোধবিরোধী মিছিল করেছে।
রাজধানীতে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি নিয়ে মানুষ বের হয়েছেন। কারওয়ান বাজার, মিরপুর, মহাখালী, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিল এলাকার সড়কগুলোতে যান চলাচল ছিল বেশি। কমলাপুর থেকে ট্রেন ছেড়ে গেছে। সদরঘাট থেকে কিছু লঞ্চও ছেড়েছে, তবে যাত্রী ছিল কম। দোকানপাট ও বড় শপিং মলগুলো খোলা ছিল। ব্যস্ত সড়কগুলোর ফুটপাতে হকাররা পসরা নিয়ে বসেছেন।
যাত্রাবাড়ী এলাকায় যান চলাচল কিছুটা বেশি হলেও সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। দূরপাল্লার বাস ছেড়ে যায়নি গাবতলী ও মহাখালী থেকেও।
অবরোধের কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ মানুষ। বিশেষ করে ক্রেতার অনুপস্থিতিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষোভটা ছিল বেশি। সকালে কারওয়ান বাজার ও মালিবাগে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রশিবির ছোট ছোট কয়েকটি ঝটিকা মিছিল বের করে।
বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, অবরোধের সমর্থনে ঢাকায় বিভিন্ন থানায় মিছিল করার সময় পুলিশ তাদের ২০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
এ ছাড়া পুলিশের গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ভ্রাম্যমাণ আদালন একজনকে সাজা দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার সারা দেশে মোট ৩৩৭ জন গ্রেপ্তার, ৬৫ জন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন ৪২৩ জন। এ ছাড়া দুই হাজার ৬০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আ.লীগ কার্যালয়ের আশপাশ: বঙ্গবন্ধু অ্যাভিনিউ, জিরো পয়েন্ট, বায়তুল মোকাররম ও গুলিস্তান এলাকায় অবরোধের প্রভাব পড়েনি।
বেলা ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই এলাকাগুলো ঘুরে দেখা যায়, এলাকার সব শপিং মল ছিল খোলা। ফুটপাতের দোকানিদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে ক্রেতার সংখ্যা ছিল কম।
এ ছাড়া রাস্তায় গণপরিবহন, লেগুনা ও রিকশার ব্যাপক উপস্থিতির কারণে মাঝেমধ্যে সৃষ্টি হয় যানজট। ব্যক্তিগত গাড়ি খুব একটা দেখা যায়নি। তবে সকাল ১০টায় ঢাকা মহানগর ১৪ দলের যৌথসভায় যোগ দিতে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ঢাকা মহানগরের সভাপতি মীর হোসেন আখতার তাঁদের ব্যক্তিগত গাড়ি নিয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়ে আসেন।
অবরোধের বিষয়ে খদ্দর মার্কেটের সামনে বসা ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী শামসুর রহমান বলেন, ‘অবরোধ বুঝি না। প্রতিদিনই দোকান খুলি। তবে শীত হিসেবে বিক্রি-বাট্টা কম। আওয়ামী লীগের অফিস থাকায় এই এলাকায় অবরোধের প্রভাব নাই।’
ক্ষুব্ধ সাধারণ মানুষ: ‘ঘরে থাকলে না খাইয়া থাকা লাগে। আর বের হইলে উপরে পরে ককটেল। কিন্তু কী করমু। নেতারা তো আর ঘরে খাবার দিব না। তাই ঝুকি নিয়া কাজে আইছি।’ কথাগুলো বলছিলেন যাত্রাবাড়ীর মাছের আড়তের শ্রমিক কামরুল আলম।
দুপুর সাড়ে ১২টার দিকে আলাপকালে শহীদ ফারুক রোডের ফল ব্যবসায়ী আবদুর সাত্তার বলেন, ‘উন্নয়নের কথা বলে দেশটাকে ধ্বংস কইরা দিতাছে নেতারা। এতে ছোট ব্যবসায়ীদের যত বিপদ। কারণ, এখন মূলধন থেকেই দোকান ভাড়া দেওয়া লাগে।’