ঢাকার রাস্তায় আয়তনের তুলনায় দুই লাখ ৮৪ হাজার যানবাহন বেশি চলাচল করছে। এ শহরে প্রতিদিন গড়ে ২৩০টি গাড়ি রাস্তায় নামছে।গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের মোশতাক আহমেদ রুহীর লিখিত প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ তথ্য জানান। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেল পাঁচটা সাত মিনিটে সংসদের অধিবেশন শুরু হয়। নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।যোগাযোগমন্ত্রী আরও জানান, ঢাকার রাস্তায় পুরোনো গাড়ির সঙ্গে নতুন গাড়ি যুক্ত হওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা আরোপ করা হয়নি। তবে ঢাকা মহানগরের যানজট নিরসনের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার ছোট গাড়ি নিয়ন্ত্রণে কিছু সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ড্রঅনুযায়ী যেকোনো শহরের মোট আয়তনের ২৫ শতাংশ যানবাহন চলাচলের জন্য রাস্তা থাকা আবশ্যক। ঢাকা শহরের মোট আয়তন ৮১৫ দশমিক ৮৫ বর্গকিলোমিটার। মানদণ্ড অনুযায়ী ২০৪ কিলোমিটার রাস্তার প্রয়োজন হলেও ঢাকা শহরে প্রধান রাস্তার পরিমাণ ৮৮ কিলোমিটার।সৈয়দ আবুল হোসেন বলেন, বর্তমানে ৮৮ কিলোমিটার রাস্তায় প্রায় পাঁচ লাখ যানবাহন চলাচল করছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ঢাকার প্রধান রাস্তাগুলোতে দুই লাখ ১৬ হাজার যান চলাচল করতে পারে। রেললাইন দুই লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে: সংরক্ষিত আসনের সাংসদ আমেনা আহমেদের প্রশ্নের জবাবে সৈয়দ আবুল হোসেন জানান, বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান প্রধান প্রধান রেলওয়ে করিডরগুলো পর্যায়ক্রমে দুই লেনে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে। ঢাকা-চট্টগ্রাম লাইন দুই লেনে উন্নীত করার লক্ষ্যে টঙ্গী-ভৈরববাজার, লাকসাম-চিনকি আস্তানা ও আখাউড়া-লাকসাম সেকশনে দুই লাইন নির্মাণ এবং দ্বিতীয় ভৈরব ও দ্বিতীয় তিতাস সেতু নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী অর্থবছরে এ প্রকল্পগুলোর ভৌত কাজ আরম্ভ হবে।হাফিজ উদ্দিন আহমদের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দুই হাজার ৮৩৫ কিলোমিটার রেলপথ চালু আছে এবং ৩৩৭ কিলোমিটার রেলপথ বন্ধ আছে।পাট রপ্তানিতে আয় এক হাজার ১৩০ কোটি টাকা: শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী জানান, গত অর্থবছরে দেশে মোট এক হাজার ৭০ লাখ টন পাট উৎপন্ন হয়েছে। উৎপাদিত পাটের মধ্যে ২৭৭ লাখ মেট্রিক টন রপ্তানি করা হয়েছে। রপ্তানি বাবদ দেশ এক হাজার ১৩০ কোটি ৮৪ লাখ টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি অর্থবছরে গত ডিসেম্বর পর্যন্ত পাটজাতসামগ্রী রপ্তানি করে এক হাজার ৮১৭ কোটি ২২ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে।