ঢাকায় রোকেয়া সুলতানার শিল্পকর্ম প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল ফাউন্ডেশন থেকে সম্প্রতি প্রকাশিত রোকেয়া সুলতানার শিল্পকর্ম নিয়ে একটি মনোগ্রাফও উন্মোচন করা হয়
ছবি: ঢাকায় ভারতীয় হাইকমিশন

ভারত-বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর উপলক্ষে শিল্পী রোকেয়া সুলতানার শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল বুধবার ঢাকার গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে এই প্রদর্শনীটির উদ্বোধন করা হয়। এ সময় বেঙ্গল ফাউন্ডেশন থেকে সম্প্রতি প্রকাশিত রোকেয়া সুলতানার শিল্পকর্ম নিয়ে একটি মনোগ্রাফও উন্মোচন করা হয়।

বিশিষ্ট ইতিহাসবিদ, লেখক এবং ১৯৭১ সালের গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের সভাপতি মুনতাসীর মামুন এবং হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার অনুষ্ঠানটির মধ্য দিয়ে ভারতে রোকেয়া সুলতানার শিল্পকর্মের প্রথম স্বতন্ত্র প্রদর্শনের সূচনা হয়েছে। ২৩ অক্টোবর নয়াদিল্লির ললিতকলা একাডেমিতে এই শিল্পকর্মের প্রদর্শনী হবে। ডিসেম্বরে কলকাতায়ও অনুষ্ঠিত হবে।

রোকেয়া সুলতানা ১৯৮৩ সালে আইসিসিআর বৃত্তি নিয়ে বিশ্বভারতী, শান্তিনিকেতন থেকে চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি শান্তিনিকেতনে সোমনাথ হোর, সনৎ কর এবং লালু প্রসাদ শর তত্ত্বাবধানে প্রশিক্ষিত হয়ে বাংলাদেশে তাঁর শিল্পীজীবনের প্রসার ঘটিয়েছেন। দেশে তাঁর পরামর্শদাতাদের মধ্যে রয়েছেন সফিউদ্দিন আহমেদ এবং মোহাম্মদ কিবরিয়া।

শিল্পকর্ম ঘুরে দেখছেন এক দর্শক
ছবি: ঢাকায় ভারতীয় হাইকমিশন

রোকেয়া সুলতানা একজন পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি প্রিন্টমেকার এবং চিত্রশিল্পী। ঢাকায় নবম এশিয়ান বিয়েনালে ও তৃতীয় ভারত ভবন বিয়েনালে তাঁর শিল্পকর্ম পুরস্কৃত হয়েছে।