ঢাকায় শত নাগরিকের ব্যানারে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির দুই আলোচিত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ও মির্জা আব্বাসের মনোনয়নপত্র সংগ্রহ ঢাকা সিটি করপোরেশন নির্বাচন জমে ওঠার আভাস দিচ্ছে। মিন্টু উত্তরে এবং আব্বাস দক্ষিণে মনোনয়নপত্র নিয়েছেন। উত্তরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হক। আর দক্ষিণে সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন।
এদিকে ঢাকায় বিএনপির প্রার্থীরা শত নাগরিক জাতীয় কমিটির ব্যানারে নির্বাচনে অংশ নেবেন বলে সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রামে বিএনপির প্রার্থীরা চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের ব্যানারে নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দেওয়া হয়।
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় ওই কমিটির আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র পদে উপযুক্ত প্রার্থীর সংকট ছিল। গতকাল এ এলাকা থেকে মেয়র পদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু ও বিএনপি-সমর্থক শিক্ষক-কর্মচারী-ঐক্যজোটের নেতা সেলিম ভূঁইয়া।
বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানায়, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশ পেয়ে গতকাল শুক্রবার মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। এর আগে খালেদা জিয়ার আগ্রহে মনোনয়নপত্র সংগ্রহ করেন চেয়ারপারসনের উপদেষ্টা ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টু। এ দুজনের মেয়র পদে প্রার্থী হওয়ার সম্ভাবনায় বিএনপির নেতা-কর্মীরা কিছুটা উচ্ছ্বসিত ও আশাবাদী হয়ে উঠেছেন। আব্বাস কোনো কারণে নির্বাচন করতে না পারলে আবদুস সালাম দলীয় সমর্থন পেতে পারেন।
বিএনপির সূত্র জানায়, এখন নির্বাচনের পরিবেশ তৈরির বিষয়ে মনোযোগ দিচ্ছে বিএনপি। সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দলটি শিগগিরই কিছু দাবি তুলে ধরবে। খালেদা জিয়াকে হয়রানি না করা এবং দলের কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়াসহ নির্বাচনে সব প্রার্থীর সমান অধিকার নিশ্চিত করতে একটি দাবিনামা তৈরি করা হচ্ছে। নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক বিএনপিদলীয় মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের হয়রানি না করা, অভিযুক্ত নেতা-কর্মীদের আদালতে জামিন পেতে বাধা না দেওয়া, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব নেতা-কর্মীর মুক্তির দাবি অন্যতম।
দলের দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন, দাবিগুলোর বিষয়ে সরকার ও প্রশাসনের প্রতিক্রিয়া এবং পদক্ষেপ দেখে তার পরই দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনে থাকা না-থাকার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি। আর নির্বাচনের পরিবেশ না পেলে শেষ মুহূর্তে বর্জনের চিন্তাও নিয়ে রাখছে দলটি।
খালেদা জিয়ার সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে গতকাল কার্যালয়ের ফটকে অপেক্ষমাণ সাংবাদিকদের এমাজউদ্দীন আহমদ বলেন, সরকার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারলেই বিএনপি সিটি নির্বাচনে যাবে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে এই কমিটির সদস্যসচিব আবদুল হাই শিকদার প্রথম আলোকে বলেন, ‘আমরা মূলত নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের বিষয় বিএনপির চেয়ারপারসনকে জানিয়েছি। ওনার কথাবার্তায় মনে হয়েছে, তাঁরা সরকার ও নির্বাচন কমিশনের আচরণ দেখছেন। কমিশন যদি তাঁর সাংবিধানিক দায়িত্ব ও ক্ষমতা নিরপেক্ষভাবে পালন করে, তাহলে বিএনপি নির্বাচনে যাবে।’
বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচন ও আন্দোলন একই সঙ্গে চলবে। দলের শীর্ষ নেতৃত্ব আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাওয়ার পরামর্শ দিয়েছে। এ কারণে অবরোধ কর্মসূচি এখনই প্রত্যাহার হচ্ছে না। স্বাধীনতা দিবসে হরতাল না থাকলেও এ সপ্তাহে আবারও হরতাল দেওয়ার কথা জোরালোভাবে ভাবা হচ্ছে। তবে রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার দিন হওয়ায় ওই দিন হরতাল দেওয়ার সম্ভাবনা কম।
বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের কোনো পরিবেশ তৈরি হয়নি। ঢাকা সিটিতে নেতা-কর্মীরা চরম কোণঠাসা অবস্থায় রয়েছেন। কেউই প্রকাশ্যে প্রার্থী হওয়ার কথা বলতে পারছেন না। মামলা ঝুলছে। বাড়ি বাড়ি পুলিশি তল্লাশি চলছে। অনেকে জেলে রয়েছেন। এই অবস্থার পরিবর্তন না হলে বিএনপি ভিন্ন পথ বেছে নেবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান প্রথম আলোকে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট দিতে না পারায়’ মানুষের মনে ক্ষোভ জমে আছে। সিটি নির্বাচনের ফলাফলে তার প্রতিফলন দেখা যাবে।