ঢাকায় শিথিল হরতালে বিক্ষিপ্ত সহিংসতা
মানবতাবিরোধী অপরাধের দায়ে আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা গতকাল বুধবারের হরতাল রাজধানীতে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। সকালের দিকে কয়েকটি স্থানে জামায়াত-শিবিরের কর্মীদের কিছু তৎপরতা দেখা গেলেও বেলা বাড়তে থাকলে তাঁরা ক্রমশ উধাও হয়ে যান। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া গতকালের হরতালের সময় রাজধানীতে ছিল ছুটির দিনের মতো পরিবেশ। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদেরের ফাঁসির দণ্ডসহ সব মানবতাবিরোধী অপরাধকারীর বিচারের দাবিতে শাহবাগের বিশাল সমাবেশ নগরে কিছুটা ভিন্ন আবহের সৃষ্টি করে। রাজধানীতে ব্যক্তিগত গাড়ি বের না হলেও নগর পরিবহনের যানবাহন চলেছে প্রায় স্বাভাবিকভাবে। দূরপাল্লার বাস ছাড়েনি। তবে লঞ্চ ও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। দুপুরের পর থেকেই দোকানপাট খুলতে শুরু করে। ভাঙচুর ও অরাজকতার অভিযোগে পুলিশ বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ২৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।যাত্রাবাড়ী এলাকায় কিছু ভাঙচুর, মিরপুরে রাস্তায় গাড়ির টায়ারে আগুন জ্বালানো ও ভাঙচুর, সচিবালয়ের দেয়ালসংলগ্ন তোপখানা রোডে ককটেল বিস্ফোরণ এবং কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষই ছিল হরতাল চলাকালে উল্লেখযোগ্য সহিংস কর্মকাণ্ড। বিভিন্ন এলাকায় হরতালের বিপক্ষে মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।মিরপুর-গাবতলী: সকাল সাড়ে ছয়টার দিকে পূর্ব শেওড়াপাড়ায় সড়কের ওপর শিবিরের একদল কর্মী পুরোনো টায়ারে আগুন লাগিয়ে দেন। তাঁরা বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হচ্ছিলেন। এ সময় পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ ওই এলাকায় টহল দিচ্ছিলেন। তিন পুলিশ সদস্য উপকমিশনারের গাড়ি থেকে নেমে শিবিরের কর্মীদের আটক করতে গেলে তাঁরা ইটপাটকেল ছুড়তে শুরু করেন। একপর্যায়ে পুলিশ ধাওয়া করে আবু জাফর নামের একজনকে আটক করে। পল্লবীতে শিবিরের কর্মীদের মিছিল পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। সকাল ১০টার পর মিরপুর ১০ নম্বরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হরতালবিরোধী মিছিল করেন। গাবতলী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি কিংবা সেখানে পৌঁছায়নি। মিরপুর এলাকায় লোকাল বাস চলেছে প্রায় স্বাভাবিকভাবে।যাত্রাবাড়ী: সকাল ছয়টার দিকে যাত্রাবাড়ীর দয়াগঞ্জে জামায়াত-শিবিরের কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করেন। এ সময় তাঁরা একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালালে পুলিশ তাঁদের ধাওয়া করে। কয়েক ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড়ে জামায়াত-শিবিরের কর্মীরা একটি চলন্ত বিআরটিসি বাসে ঢিল ছোড়েন। এ সময় চলন্ত ওই বাসের চাপায় দুইজন আহত হন। শিবিরের কর্মীরা তাঁদের উদ্ধার করে নিয়ে যান। পরে তাঁদের হদিস মেলেনি। বিকেলের দিকে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘সানারপাড়ে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন বলে শুনেছি। কিন্তু আমরা এখনো বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে পারিনি।’সচিবালয়ের কাছে ককটেল: তোপখানা রোডে দুপুর আড়াইটার দিকে হোটেল ক্যাফে নিউইয়র্কের সামনে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর রাস্তার দক্ষিণ পাশে থাকা সচিবালয়ের তথ্য অধিদপ্তরের একটি জানালার কাচ সামান্য ভাঙা দেখা যায়। গোয়েন্দা সংস্থার সদস্যরা বলেছেন, ককটেলের স্প্লিন্টার লেগে জানালার কাচ ভেঙে থাকতে পারে। কেউ কেউ গুলি হওয়ার কথা বললেও তার কোনো চিহ্ন চোখে পড়েনি।