ঢাকায় শীতের আমেজ

কয়েক দিন ধরেই সন্ধ্যার পর কিছুটা শীত শীত ভাব অনুভূত হচ্ছে ঢাকায়। ভোরবেলায় মিলছে শীতের আমেজ। আবহাওয়া অধিদপ্তর বলছে, এরই মধ্যে সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। রাজধানীতেও তার ছোঁয়া লেগেছে। এ মাসের শেষ দিকে পুরোদমে শীতের আমেজ পাওয়া যাবে বলে মত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮-২৯ ডিগ্রিতে ওঠানামা করছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ২০ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় গরম থাকলেও সন্ধ্যার পর কিছুটা হিমেল হাওয়া বইছে। বিশেষ করে যেসব এলাকায় গাছপালা বেশি সেসব এলাকায় ঠান্ডা অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান প্রথম আলোকে বলেন, রাজধানীতেও কয়েক দিন ধরে শীত অনুভূত হচ্ছে। তিনি বলেন, নভেম্বরের শেষ দিকে রাজধানীতে শীতের আমেজ পাওয়া যাবে। তবে পুরোদমে শীতের জন্য ডিসেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ভোরে রমনা পার্কে হাঁটতে আসা লোকজনও হালকা শীতের পোশাক পরে আসছেন। রমনা উদ্যানের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের উপবিভাগীয় কর্মকর্তা আনোয়ারুল হক জানালেন, সকালে হালকা কুয়াশা পড়তে শুরু হয়েছে। প্রাতর্ভ্রমণকারীদের অনেকে এ সময় হালকা শীতের পোশাক পরছেন।
নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা গেছে, ফুটপাতে ও ভেতরের দোকানগুলোতে ছোটদের ও বড়দের শীতের পোশাক বিক্রি হচ্ছে। পোশাক বিক্রেতা মো. শফিক বলেন, অনেকে আগাম শীতের পোশাক কিনছেন। তবে শীতের হালকা পোশাকই এখন চলছে।
তীব্র শীত নামলে ভারী শীতের পোশাক বেশি বিক্রি হবে বলে জানান তিনি।
শীত আসার প্রস্তুতি নিতে দেখা গেছে নীলক্ষেতসংলগ্ন লেপ-তোশকের মার্কেটেও। অনেক দোকানে নতুন নতুন লেপ তুলতে দেখা গেছে। কয়েকজন বিক্রেতা জানালেন, শীত অনেকটা শুরু হয়ে গেছে। তাই তুলার তৈরি লেপ বাজারে এনেছেন। অনেকে লেপের অর্ডারও দিচ্ছেন।
শীতের সবজিও পুরোদমে আসতে শুরু করেছে রাজধানীর বাজারগুলোতে। কারওয়ান বাজারে গতকাল গিয়ে দেখা গেছে, শীতের ফুলকপি, বাঁধাকপি, চিচিঙ্গা, লাউ, মুলা, শিম, নতুন আলু আসতে শুরু করেছে।
শীতের আগাম চিত্র চোখে পড়তে শুরু করেছে পাড়া-মহল্লায়ও। কোথাও কোথাও শীতের চিতই ও ভাপা পিঠার ভ্রাম্যমাণ দোকান বসেছে। বাংলামোটর থেকে মগবাজারের দিকে যেতে রাস্তার পাশে পিঠার দোকান দিয়েছেন মঞ্জু মিয়া। তিনি জানালেন, ১০ দিন আগে থেকে তিনি এখানে পিঠা বিক্রি করছেন। তিনি তেলের পিঠা, ভাপা আর চিতই বিক্রি করছেন। চিতই পিঠার সঙ্গে সরিষা ও শুঁটকির ভর্তা খাচ্ছেন অনেক ক্রেতা, তাই এগুলো রেখেছেন তিনি।
শীতের পিঠা খেতে অনেকেই ভিড় করেন বেইলি রোডের পিঠা ঘরে। এখানে বিভিন্ন ধরনের ৩৫ পদের পিঠা পাওয়া যায়। পিঠা ঘরের স্বত্বাধিকারী কাজী গোলাম কিবরিয়া বলেন, তাঁর দোকানে শীতের সময়ই সবচেয়ে বেশি পিঠা বিক্রি হয়ে থাকে।