ঢাকায় শুরু হয়েছে বিট পুলিশিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরীক্ষামূলকভাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি বিভাগে শুরু হয়েছে বিট পুলিশিং। এ ব্যবস্থায় রাজধানীর থানাগুলোকে ছোট ছোট অঞ্চল বা বিটে ভাগ করা হচ্ছে। বিটের প্রধান করা হচ্ছে একজন সাব-ইন্সপেক্টর (উপপরিদর্শক) পদের কর্মকর্তাকে। বিটের অধীন এলাকার আইনশৃঙ্খলা-সংক্রান্ত সবকিছুর দেখভাল করছেন তিনি। ডিএমপির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির কমিশনার বেনজীর আহমেদ বলেন, কিছুদিন ধরে ওয়ারী বিভাগে পরীক্ষামূলকভাবে এ প্রকল্প চালু হয়েছে। এতে সুফল পাওয়া গেলে পুরো রাজধানীকে এ ব্যবস্থার আওতায় আনা হবে।সূত্র জানায়, রাজধানীতে জনসংখ্যার তুলনায় থানার জনবল অনেক কম। এতে করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পক্ষে পুরো থানা এলাকায় নজরদারি করা সম্ভব নয়। প্রতি থানায় ২০-২২ জন করে উপপরিদর্শক থাকলেও এলাকাভিত্তিক তথ্য ও অভিজ্ঞতা না থাকায় মামলার তদন্ত আর রাস্তায় টহল দেওয়া ছাড়া তাঁরা উল্লেখযোগ্য কিছু করতে পারেন না। তাই থানাগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে।পুলিশের ওয়ারী বিভাগের কর্মকর্তারা জানান, এ বিভাগে মোট থানার সংখ্যা ছয়। এগুলোর মধ্যে সূত্রাপুরকে ১৮টি, যাত্রাবাড়ীকে ২০টি, কদমতলীকে ১৬টি, ডেমরাকে আটটি, শ্যামপুরকে নয়টি, গেন্ডারিয়াকে ১০টি অঞ্চল বা বিটে ভাগ করা হয়েছে। প্রতি বিটের প্রধান করা হয়েছে সংশ্লিষ্ট থানার একজন উপপরিদর্শককে। প্রতিটি বিটে আরও আছেন একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)।পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার গাজী মোজাম্মেল হক গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, পরীক্ষামূলক এ ব্যবস্থার সুফল পাওয়া গেছে। বিট থাকার কারণে এলাকার অপরাধ অনেক কমে গেছে। ওয়ারী এলাকায় এখন অপরাধের মাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় কম।বিটের পুলিশ সদস্যদের কার্যাবলি সম্পর্কে ওই ছয়টি থানায় নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় রয়েছে, বিটের সদস্যরা নিজ নিজ এলাকায় অপরাধ ও অপরাধী, মাদক বিক্রেতা, মাদক বিক্রির স্থানসহ যাবতীয় তথ্য সংগ্রহ করবেন। তাঁরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ছিনতাইকারী, অবৈধ অস্ত্রধারী, পলাতক আসামি, বখাটেদের গ্রেপ্তার করবেন। তাঁরা নিজ নিজ এলাকায় তৈরি পোশাক কারখানা, ব্যাংক, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও যোগাযোগ রাখবেন। প্রতি সপ্তাহে এসব সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে তাঁরা বৈঠক করবেন। বিটের দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ এলাকার অপরাধী সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ এবং বস্তি, মেস ও ভাসমান লোকদের সম্পর্কে তথ্য রাখবেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, এনজিও, রাজনৈতিক ব্যক্তি ও সন্দিগ্ধ ব্যক্তিদের ব্যাপারেও তাঁরা খোঁজখবর করবেন। বিটের প্রধানেরা তাঁদের সব ধরনের কর্মকাণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাবেন। তাঁর পরামর্শ নিয়ে তাঁরা নিজেদের মতো কাজ করবেন।সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, তাঁর থানা এলাকার ১৮টি বিটে কাজ করছেন ৩৬ জন কর্মকর্তা। এতে দেখা যাচ্ছে, একজন কর্মকর্তার ভাগে চার-পাঁচটি গলি পড়েছে। অনেক মানুষ আছেন, যাঁরা থানায় আসতে পছন্দ করেন না। তাঁরা বাসার কাছে পুলিশ পেয়ে তাঁদের অভিযোগ সরাসরি জানাতে পারছেন। এতে এলাকার অপরাধ অনেক কমে গেছে।যাত্রাবাড়ী থানার ওসি কে এম আবুল কাশেম বলেন, আগে মানুষ পুলিশের কাছে আসত। এ ব্যবস্থায় পুলিশ মানুষের কাছে যাচ্ছে। এর সুফল মানুষ পেতে শুরু করেছে।