ঢাকায় শেষ ধাপের স্মার্টকার্ড বিতরণ ১০ এপ্রিল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টকার্ড বিতরণের সপ্তম এবং শেষ ধাপে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ২৬টি ওয়ার্ডে কার্যক্রম শুরু হচ্ছে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। ঢাকার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। ১০ এপ্রিল শুরু হয়ে অক্টোবর মাস পর্যন্ত এই কার্যক্রম চলবে।
সপ্তম ধাপে উত্তর সিটির ২, ৩, ৫, ৬, ৮, ৯, ১০, ১৩, ১৪, ২৪, ২৫, ২৬, ২৭, ৩০, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডে এবং দক্ষিণের ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬ ও ৪৭ নম্বর ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ করা হবে। এই ধাপের কার্যক্রম শুরু হবে উত্তর সিটির ৩ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে। ধারাবাহিকভাবে অন্যান্য ওয়ার্ডে কার্ড বিতরণ করা হবে। গত বছরের অক্টোবর থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়।
স্মার্টকার্ড পেতে মূল জাতীয় পরিচয়পত্র নিয়ে নির্ধারিত সময়ে সশরীরে নির্দিষ্ট বিতরণ কেন্দ্রে হাজির থাকতে হবে। যাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি, তাঁদের মূল নিবন্ধন স্লিপ সঙ্গে নিতে হবে। স্মার্টকার্ড নিতে আসা নাগরিকদের হাতের ১০ আঙুলের ছাপ এবং চোখের আইরিশের প্রতিচ্ছবি সংগ্রহ করা হবে।
নির্ধারিত দিনে স্মার্টকার্ড নিতে ব্যর্থ হলে পরে সংশ্লিষ্ট থানা নির্বাচন কার্যালয়ে গিয়ে তা নেওয়া যাবে।
জাতীয় পরিচয়পত্র হারিয়ে যাওয়ার ক্ষেত্রে
মূল জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। জিডির কপি এবং যেকোনো সোনালী ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, ট্রেজারি চালানের মাধ্যমে নির্ধারিত ফি (সাধারণ ২৫৩ টাকা) জমা দিয়ে সংশ্লিষ্ট থানা নির্বাচন অফিস থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। জরুরি ক্ষেত্রে জিডির কপি এবং নির্ধারিত ফি (জরুরি ৩৬৮ টাকা) জমা দিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ, ইসলামিক ফাউন্ডেশন ভবন, আগারগাঁও থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। এই জাতীয় পরিচয়পত্র নিয়ে স্মার্টকার্ড বিতরণের নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা যাবে।
নিবন্ধন স্লিপ আছে, পরিচয়পত্র নেই যাঁদের
জাতীয় পরিচয়পত্র পাননি কিন্তু নিবন্ধন স্লিপ আছে, তাঁরা মূল নিবন্ধন স্লিপসহ স্মার্টকার্ড বিতরণের নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন।
নিবন্ধন স্লিপ হারিয়ে গেলে
যাঁদের ভোটার নিবন্ধনের সময় দেওয়া স্লিপ হারিয়ে গেছে, তাদের সংশ্লিষ্ট থানায় জিডি করতে হবে। তারপর সংশ্লিষ্ট থানা নির্বাচন অফিসে যোগাযোগ করে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ করতে হবে। জিডির মূল কপিসহ স্মার্টকার্ড বিতরণের নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে স্মার্টকার্ড সংগ্রহ করা যাবে।
বিতরণের সময়সূচি জানার উপায়
স্মার্টকার্ড বিতরণের সময়সূচি জানার জন্য www.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে NID Online Services লিংকের ‘অন্যান্য তথ্য’ ট্যাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ লিংকে NID নম্বর ও জন্মতারিখ অথবা Form No ও জন্মতারিখ লিখলে সময়সূচি জানা যাবে।
যেকোনো মোবাইল নম্বর থেকে ১০৫ নম্বরে ফোন দিয়েও কলসেন্টারের মাধ্যমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের তথ্য জানা যাবে।
মোবাইলের এসএমএসের মাধ্যমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের তারিখ ও কেন্দ্রের নাম জানতে SC লিখে স্পেস দিয়ে NID লিখে স্পেস দিয়ে পরিচয়পত্রের ১৭ সংখ্যার নম্বর (যাঁদের ১৩ সংখ্যা তাঁদের ক্ষেত্রে পরিচয়পত্রের নম্বরের আগে জন্মসাল যোগ করতে হবে) লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।
যাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি, তাঁরা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SC লিখে স্পেস দিয়ে F লিখে স্পেস দিয়ে নিবন্ধন স্লিপের ফরম নম্বর লিখে স্পেস দিয়ে D লিখে স্পেস দিয়ে সাল-মাস-তারিখ এই অনুসারে জন্মতারিখ লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।