ঢাকায় সব নির্বাচনী এলাকায় আ.লীগের জনসভার কর্মসূচি
নারীনীতির পক্ষে জনমত গড়তে আগামী মাসে রাজধানী ঢাকায় ১৬টি জনসভা করবে আওয়ামী লীগ। মহানগরের ১৬টি সংসদীয় আসনে আলাদাভাবে এসব জনসভা হবে। ৫ মে থেকে জনসভা শুরু হয়ে ২১ মে শেষ হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগ এসব জনসভার আয়োজন করবে।গত শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দলের পক্ষ থেকে বলা হয়, বিরোধী দলের অপপ্রচার এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতেই এ কর্মসূচি দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারের সফলতা জনগণের কাছে তুলে ধরা হবে।বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রতিটি জনসভায় সংশ্লিষ্ট এলাকার মাদ্রাসাশিক্ষক, মসজিদের ইমাম এবং এলাকার মুরব্বিদের আমন্ত্রণ জানানো হবে। এ ছাড়া পর্যায়ক্রমে থানা, ওয়ার্ড ও ইউনিয়নগুলোয় সমাবেশ হবে। এ প্রসঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী দলীয় নেতা-কর্মীদের সব ভেদাভেদ ভুলে একত্র হয়ে সংগঠনকে গতিশীল করার আহ্বান জানান। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘মহানগর আওয়ামী লীগকে শক্তিশালী করতেই এ কর্মসূচি দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমগুলোয় নগর আওয়ামী লীগ ঝিমিয়ে পড়েছে বলে খবর প্রকাশিত হচ্ছে। এ কারণে নতুন করে গা ঝাড়া দিতে চাই, নতুন করে জেগে উঠতে চাই।’বৈঠকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি নারীনীতি নিয়ে আমিনীকে লেলিয়ে দিয়েছে। তারা বিভিন্নভাবে চক্রান্ত করার চেষ্টা করছে। তারেক-কোকোর বিচার যাতে না হয়, সে জন্য তারা নানা ষড়যন্ত্র করছে।৫ মে ঢাকা-১৪, ৬ মে ঢাকা-৫, ৭ মে ঢাকা-৮, ৮ মে ঢাকা-১১, ১০ মে ঢাকা-১৭, ১১ মে ঢাকা-৪, ১২ মে ঢাকা-৬, ১৩ মে ঢাকা-১৬, ১৪ মে ঢাকা-৯, ১৫ মে ঢাকা-১৫, ১৬ মে ঢাকা-১৩, ১৭ মে ঢাকা-৮, ১৮ মে ঢাকা-১২, ১৯ মে ঢাকা-১৮, ২০ মে ঢাকা-১০ ও ২১ মে ঢাকা-২ আসনে জনসভা হবে।মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ফয়েজ উদ্দিন মিয়া, হাজী সেলিম, শাহ আলম মুরাদ, আসলামুল হক আসলাম, আবদুল হক সবুজ প্রমুখ।