ঢাকায় সবকিছু স্বাভাবিক আবার অস্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ-হরতাল কর্মসূচিতে নগরবাসী নিজের প্রয়োজনে ও জীবিকার তাগিদে ঘর থেকে বের হচ্ছেন। তবে তাঁদের এই পথচলায় স্বস্তি নেই, আছে আতঙ্ক।
গতকাল মঙ্গলবার সরেজমিন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের দোকানপাট ও বিপণিবিতান খোলা দেখা যায়। অফিস-আদালতেও কাজ হয়েছে। সড়কে গাড়ি স্বাভাবিকের চেয়ে কম ছিল। হরতাল-অবরোধের প্রভাব ষোলো আনাই পড়ছে শিক্ষার্থীদের ওপর। অবরোধের সময় কিছু শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষা চললেও হরতালে তা বন্ধ থাকছে।
গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকার গুলশান, বনানী, বারিধারা, তেজগাঁও, রামপুরা, বাড্ডা, কারওয়ান বাজার, শাহবাগ, বাংলামোটর ও পল্টন এলাকা ঘুরে পরিস্থিতি খুব একটা অস্বাভাবিক মনে হয়নি। পিকেটার না থাকায় বোঝার উপায়ও ছিল না হরতাল হচ্ছে। তবে সাধারণ মানুষ, গাড়িচালকেরা বলেছেন, বাধ্য হয়ে তাঁরা রাস্তায় নেমেছেন।
দেশের অবস্থা কেমন জানতে চাইলে আবদুল ওয়াহাব নামের একজন নগরবাসী বললেন, ‘সবকিছু স্বাভাবিক আবার অস্বাভাবিক। এই যে অফিস করছি, বের হচ্ছি, রাস্তায় গাড়ি চলছে কিন্তু তার পরও সব সময় আতঙ্কে থাকি। যদি একটা বোমা এসে গায়ে লাগে।’ দুই নেত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা একটু শান্তিতে থাকতে চাই।’
গুলশান, বারিধারা ও বনানীতে প্রচুর গাড়ি চলতে দেখা যায়। এই এলাকায় বিভিন্ন পরিবহনের বাস ও টেম্পো চলতে দেখা গেছে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় গাড়ি চলাচল কম থাকায় মূল সড়কে রিকশা চলতে দেখা গেছে। প্রতিটি সিগন্যালে পাঁচ-ছয় মিনিট করে দাঁড়াতে হচ্ছে।
পুরান ঢাকার জীবনযাত্রাও গতকাল ছিল অনেকটাই স্বাভাবিক। সকাল সাড়ে নয়টায় গুলিস্তান থেকে সদরঘাট এলাকায় কোনোরকম বাধা-বিপত্তি ছাড়াই যানবাহন চলেছে। বেলা সাড়ে ১১টার দিকে যানবাহনের সংখ্যা বেড়ে যানজট তৈরি হয়। ওই এলাকার প্রায় সব দোকানপাটও খোলা ছিল।
গুলিস্তানে কথা হয় মুরগি বিক্রেতা তরুণ আমিরুল ইসলামের সঙ্গে। তিনি জানান, কাপ্তানবাজার থেকে এনে তিনি ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় মুরগি বিক্রি করেন। হরতাল-অবরোধে কী অবস্থা চানতে চাইলে বলেন, ‘বিক্রি কম। কিন্তু ঘর থেকে তো প্রতিদিনই বের হতে হয়। ঘরে ফেরার পর স্বস্তির নিঃশ্বাস ফেলি।’
গুলশান ১ নম্বর গোলচত্বরে গিয়ে কথা হয় দায়িত্ব পালনরত পুলিশ কনস্টেবল আসাদের সঙ্গে। প্রথম আলোকে তিনি জানালেন, এই এলাকায় চোরাগোপ্তা হামলা হয়নি। তবে অন্য সময়ের তুলনায় গাড়ি চলাচল কিছুটা কম।
গুলশান ১ ও ২-এর দুটি সিটি করপোরেশন মার্কেটের (ডিসিসি) কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা হয়। তাঁরা জানান, মার্কেট প্রতিদিনই খোলা থাকে। তবে বিক্রি কমে গেছে। কেননা এখানকার ক্রেতারা গাড়ি নিয়ে আসেন। কিন্তু হরতাল-অবরোধে একান্ত বাধ্য না হলে গাড়ি বের করে মার্কেটে আসতে চান না কেউ।
মহাখালী থেকে গুলশান হয়ে কারওয়ান বাজার, শাহবাগ, পুরানা পল্টন—যেখানেই যাওয়া গেছে সেখানেই পরিবহন ও যাত্রীদের চলাচল চোখে পড়ল। তবে স্বাভাবিক বা রাজনৈতিক কর্মসূচিহীন দিনগুলোর চেয়ে রাস্তায় মানুষের উপস্থিতি কম দেখা গেল। বিশেষ করে নারী ও শিশুদের চলাচল ছিল কম। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় সেখানেও শিক্ষার্থী ও অভিভাবকদের জটলা দেখা যায়নি।
মহাখালীর ওয়্যারলেস গেটের সামনে বাসের জন্য অপেক্ষারত যাত্রী নাজিয়া রহমান বললেন, সিএনজিতে চলতে ভয় লাগে। আগুন দিলে বের হতে পারব কি না সন্দেহ। এ জন্য বাসে করে যাই। এতে ভয় কিছুটা কম লাগে।
কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ মোড় পর্যন্ত সড়কে আবার গাড়ির সংখ্যা কম ছিল। তবে গণপরিবহন, রিকশা ও সিএনজি চলাচল অনেকটাই স্বাভাবিক। নতুন বাজারে দায়িত্ব পালনরত পুলিশের উপপরিদর্শক (এসআই) শামসুর রহমান বললেন, বাড্ডা এলাকায় বিভিন্ন সময়ে বেশ কিছু গাড়ি পোড়ানো হয়েছে। এবার অবশ্য সেই সমস্যা নেই। তার পরও মানুষের মধ্যে ভয় কাজ করে। এ জন্য গাড়ি চলাচল কিছুটা কম আছে। তবে এই সড়কের বেশির ভাগ স্থানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবস্থান নিতে ও টহল দিতে দেখা গেছে।
কুড়িল থেকে ছেড়ে আসা অনাবিল পরিবহনের চালক রফিক মিনা বললেন, বাস চালাতে ভয় লাগে। এ জন্য পাশের জানালা আটকে রাখি। তিনি বলেন, কোথাও একটু বেশি সময় দাঁড়াতে নিজেরও ভয় লাগে, যাত্রীরাও চিল্লাপাল্লা করে।
বাংলামোটর মোড় থেকে শাহবাগ, মৎস্য ভবন, প্রেসক্লাব, পল্টন, মতিঝিল হয়ে আবার গুলিস্তান। গাড়ি চলছে, হরতাল বলে মূল সড়কে চলছে রিকশাও। বিএনপি-জামায়াত জোটের হরতাল চলছে। কিন্তু এসব এলাকার কোথাও বিএনপি-জামায়াত জোটের একজন নেতা-কর্মীকেও চোখে পড়ল না। এমনকি খোদ বিএনপি কার্যালয় কিংবা তার আশপাশেও কোনো কর্মীকে দেখা যায়নি।