ঢাকায় সবজি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসঙ্গে ২১ জাতের শিম! তা-ও ঢাকায়। অনেকের কাছেই আশ্চর্যজনক মনে হতে পারে। তবে স্বচক্ষে দেখতে চাইলে যে কেউ চলে যেতে পারেন রাজধানীর ফার্মগেটে খামারবাড়ির জাতীয় সবজি মেলায়। শুধুই কি শিম? আরও আছে ১৮ জাতের আলু, এক কেজি ওজনের লেবু। না, হাইব্রিড বা জিএম (জেনেটিক্যালি মডিফায়েড) লেবু নয়; একদম দেশি, স্থানীয় জাতের। মৌলভীবাজার থেকে আনা হয়েছে সেই লেবু। এসবকিছুই প্রদর্শন করা হচ্ছে সবজি মেলায়।
দেশে উৎপন্ন হয়—এমন ১১২ রকমের সবজি নিয়ে এই মেলার আয়োজন করেছে কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সরকারের কৃষিবিষয়ক সংস্থাগুলো তো বটেই, বেসরকারি প্রতিষ্ঠানের ৭২টি স্টলও রয়েছে এই মেলায়। কেউ সবজি কিনতে চাইলে সেই সুযোগও করে দিয়েছে কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। হরেক রকমের বাহারি সবজির প্রদর্শনীর পাশাপাশি সবজি উৎপাদনের নানা প্রযুক্তিও আনা হয়েছে মেলায়।
জাতীয় সবজি মেলার চমক লাগানো নানা জাত ও প্রযুক্তির সূচনা অবশ্য প্রদর্শনীর প্রবেশপথ থেকেই দেখা গেল। প্রধান ফটকটি টমেটো, বেগুন ও গাজরের মতো সবজি দিয়ে তৈরি করা হয়েছে। ভেতরে প্রবেশ করতেই দেখা গেল সবজি দিয়ে তৈরি বিশাল এক স্তম্ভ; যার নিচের সমতল অংশে শিম, বেগুন, আলু, মুলা, মিষ্টিকুমড়ার সমাহার। এরপর থরে থরে বিভিন্ন স্তরে বেগুন, গাজর, শালগম, ফুলকপির পর একেবারে চূড়ায় মিষ্টিকুমড়া।
মেলা সম্পর্কে বলতে গিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ সবজি উৎপাদনে বিশ্বের তৃতীয় অবস্থানে উঠে এসেছে। এটা আমাদের জন্য বড় সফলতা। কিন্তু আমাদের মাথাপিছু দৈনিক ২২০ গ্রাম সবজি খাওয়ার লক্ষ্যে এখনো পৌঁছাতে পারিনি।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, কাল মঙ্গলবার পর্যন্ত সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই মেলা চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত।