ঢাকায় সবুজের সমারোহে ভাষা প্রতিযোগ শুরু

বিশ্ব পরিবেশ দিবসে আজ শুক্রবার সকালে শুরু হয়েছে ঢাকা আঞ্চলিক ভাষা প্রতিযোগ উৎসব। সকালে রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উৎসব শুরু হয়।
কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সুবহানী জাতীয় পতাকা উত্তোলন করেন। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।
রাশেদা কে চৌধুরী ঢাকার ইট-কংক্রিটের জঞ্জালের মধ্যে এমন সবুজের সমারোহে অনুষ্ঠানের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, ভাষা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা সব প্রতিযোগিতায় এগিয়ে যাবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভবিষ্যতে ভাষাকে সামনে এগিয়ে নিতে পারো, অন্তরে ধারণ করতে পারো, ভাষা নিয়ে গর্ব করতে পারো। এ জন্য অনেক বড় সাহস নিয়ে এগিয়ে যেতে হবে।’
বক্তব্যের একপর্যায়ে উপস্থিত সবার উদ্দেশে রাশেদা কে চৌধুরী বলেন, মেয়েদের ১৬ বছরে বিয়ে দেওয়ার প্রস্তাব উঠেছে। সেটা কী আমরা সমর্থন করি? এ সময় উপস্থিত সবাই না বলেন। সবাই বলেন, মেয়েদের আরও এগিয়ে যেতে হবে।
অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সুবহানী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্বে যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ বিষয়। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বাড়িয়ে দেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে যে যোগাযোগ বাড়ছে, তা ভবিষ্যতে কাজে লাগবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, বিশ্বজিৎ ঘোষ, সৌমিত্র শেখর ও একই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজম। আরও ছিলেন ভাষাবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক গুলশান আরা ও প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫ এর সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর।
এর আগে সারা দেশে ভাষা প্রতিযোগের আটটি আঞ্চলিক উৎসব হয়েছে।