ঢাকায় সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই প্রার্থীরা প্রচারণা শুরু করে দিয়েছেন। নিজেদের মুখচ্ছবি-সংবলিত বিলবোর্ড-ব্যানার টানিয়ে আগ্রহের কথা জানান দিচ্ছেন তাঁরা। ছবিটি গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনে থেকে তোলা l প্রথম আলো
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই প্রার্থীরা প্রচারণা শুরু করে দিয়েছেন। নিজেদের মুখচ্ছবি-সংবলিত বিলবোর্ড-ব্যানার টানিয়ে আগ্রহের কথা জানান দিচ্ছেন তাঁরা। ছবিটি গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সামনে থেকে তোলা l প্রথম আলো

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের এখনো তফসিল ঘোষণা হয়নি। কবে নাগাদ হবে, সেটা এখনো নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। কিন্তু এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের তোড়জোড় শুরু হয়েছে। এঁদের প্রায় সবাই ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত। নিজেদের মুখচ্ছবি-সংবলিত বিলবোর্ড-ব্যানার টানিয়ে আগ্রহের কথা জানান দিচ্ছেন তাঁরা।
আওয়ামী লীগের পক্ষ থেকে হঠাৎ গত ২৬ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী হিসেবে দুজনকে সমর্থন করার বিষয়টি চূড়ান্ত করার পর সম্ভাব্য প্রার্থীদের এ প্রচারণা শুরু হয়। এর মধ্যে ঢাকা উত্তরের মেয়র পদে ব্যবসায়ী আনিসুল হক এবং দক্ষিণে সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকনকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে।
এর পরপরই ঢাকার দক্ষিণ ভাগে প্রচারণা শুরু করে দিয়েছেন সাঈদ খোকন। আর নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিমও দক্ষিণে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করে প্রচারে নেমেছেন।
হাজি সেলিম প্রথম আলোকে বলেন, দলের সমর্থন না পেলেও সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে তিনি বদ্ধপরিকর। এ জন্য তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতেও প্রস্তুত আছেন বলে জানান।
ধানমন্ডি, নিউমার্কেট থেকে শুরু করে পলাশী, আজিমপুর, গুলিস্তান, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, ডেমরা, মুগদা ক্রসিং, বাসাবো, সবুজবাগ, খিলগাঁও, শাহবাগ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে, মৎস্য ভবন, শিক্ষা ভবন মোড়, মগবাজার ও মালিবাগ এলাকা সাঈদ খোকন ও হাজি সেলিমের বিলবোর্ড-ব্যানারে ছেয়ে গেছে।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর পলাশী মোড়ে গিয়ে দেখা যায়, সেখানে হাজি সেলিমের ছবি-সংবলিত বিলবোর্ডে ‘জনগণই আমার শক্তি, উন্নয়নই আমার অঙ্গীকার’ স্লোগান লেখা। এরপরই আজিমপুর বাসস্ট্যান্ডে হাজি সেলিমের বিলবোর্ডে লেখা ‘ছিলাম, আছি, থাকব’। সবগুলো বিলবোর্ডের নিচে ‘সৌজন্যে’ স্থানীয় নেতাদের নাম লেখা। এর মধ্যে ২৬ নম্বর ওয়ার্ডে হাসিবুর রহমান ও ২৭ নম্বর ওয়ার্ডে তানভীর আহমেদ হাজি সেলিমের মেয়র প্রার্থিতার সঙ্গে সঙ্গে নিজেদের কাউন্সিলর প্রার্থী হিসেবেও ঘোষণা করেছেন বিভিন্ন ব্যানার-বিলবোর্ডে।

মিরপুর ১০ নম্বর এলাকার চিত্র। গতকাল তোলা ছবি
মিরপুর ১০ নম্বর এলাকার চিত্র। গতকাল তোলা ছবি

গুলিস্তান-যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভার শুরু হতেই চোখে পড়বে বাবা মোহাম্মদ হানিফের সঙ্গে সাঈদ খোকনের বড় বিলবোর্ড। নিচে লেখা ‘প্রজন্ম থেকে প্রজন্ম জনতার পাশে’। এই বিলবোর্ড পার হতেই ফ্লাইওভারের ঠিক মাঝখানে হাজি সেলিম তাঁর বিলবোর্ডে লিখেছেন ‘বিশ্বাস একবার চলে গেলে তা ফিরে অর্জন করা সম্ভব না। আমি বিশ্বাসে বিশ্বাসী।’ পুরান ঢাকার মতো বাংলামোটর, শেরাটন ক্রসিং, শাহবাগ এলাকায়ও এই দুজনের বিলবোর্ড দেখা গেছে।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হাজি সাইফুদ্দিন আহমেদ মিলনেরও পোস্টার দেখা গেছে। তবে তিনি পোস্টার-ব্যানারে নাগরিকদের কেবল শুভেচ্ছা জানিয়ে গেছেন।
ঢাকা উত্তরে আওয়ামী লীগের সমর্থন পাওয়া প্রার্থী আনিসুল হক এখনো তেমন প্রচারণায় নামেননি। কিন্তু উত্তরে সম্ভাব্য প্রার্থী হিসেবে মিরপুর-কল্যাণপুর-গাবতলী এলাকায় স্থানীয় সাংসদ কামাল আহমেদ মজুমদারের বেশ কিছু বিলবোর্ড-ব্যানার দেখা হয়েছে। তাতে লেখা রয়েছে, ‘কামাল আহমেদ মজুমদারকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে দেখতে চাই।’
কামাল আহমেদ মজুমদার প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ যদি তাঁকে মেয়র পদে সমর্থন দেয়, তবে তিনি সংসদ সদস্য পদ ছেড়ে দেবেন।
এদিকে বিলবোর্ডের বিজ্ঞাপনের সঙ্গে জড়িত একাধিক প্রতিষ্ঠান অভিযোগ করেছে, অনেকগুলো বিলবোর্ড একপ্রকার জবরদখল করে নিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা।
অবশ্য নেপচুন অ্যাডভার্টাইজিংয়ের উৎপাদন ব্যবস্থাপক মনির আহমেদ জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কিছু বিলবোর্ড হাজি সেলিম ও সাঈদ খোকন তাঁদের কাছ থেকে ভাড়া নিয়েছেন।
এ বিষয়ে সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ‘আমার লোকদের বলে দিয়েছি যে তারা যেন অনুমতি নিয়ে ও টাকা পরিশোধ করে বিলবোর্ড লাগায়।’ আর হাজি সেলিম বলেন, ‘আমি এই বিলবোর্ড-পোস্টার কিছুই টানাইনি। জনগণ টানিয়েছে।’
এভাবে বিলবোর্ড ও ব্যানারে প্রচারণাকে অবৈধ উল্লেখ করেন সুশাসনের জন্য নাগরিক—সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এটা আচরণবিধির লঙ্ঘন।
তবে নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেন, যেহেতু সিটি করপোরেশন নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করা হয়নি, তাই এ ক্ষেত্রে নির্বাচনী বিধিনিষিধের আইনগুলো প্রযোজ্য হবে না।
ঢাকা সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন হয় ২০০২ সালে চারদলীয় জোট সরকারের সময়ে। তখন অবিভক্ত সিটি করপোরেশন ছিল।
ওই নির্বাচনে জিতে ঢাকার মেয়র হয়েছিলেন সাদেক হোসেন খোকা। ২০০৭ ওই পরিষদের মেয়াদ শেষ হয়। কিন্তু নির্বাচন না হওয়ায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরও কিছুদিন সাদেক হোসেন মেয়রের দায়িত্বে ছিলেন। পরে সরকার প্রশাসক বসায়। ২০১১ সালে সিটি করপোরেশনকে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে ভাগ করে সরকার। বিভক্তির আগে ও পরে একাধিকবার নির্বাচনের আওয়াজ তোলা হয়েছিল।