ঢাকায় সরকারি গণপরিবহন ব্যবস্থা চালুর প্রস্তাব
ঢাকার গণপরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যক্তিমালিকানার পরিবর্তে সরকারনিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। একই সঙ্গে জরিপের মাধ্যমে ঢাকার সড়কগুলোতে চলাচলকারী যাত্রীর সংখ্যা নির্ধারণ করে সে অনুসারে গণপরিবহনের সংখ্যা নির্দিষ্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের শ্রমিক কল্যাণ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী। তিনি পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
লিখিত বক্তব্যে বলা হয়, চাঁদাবাজির কারণে যাত্রীসহ পরিবহন খাতের সাধারণ মালিক, শ্রমিক সবাই জিম্মি হয়ে আছে। ঢাকার চারটি টার্মিনাল থেকে প্রতিদিন আদায় করা চাঁদার পরিমাণ প্রায় ৫০-৬০ লাখ টাকা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন ও মো. আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আর এ জামান, প্রচার সম্পাদক মো. সুমন শেখ প্রমুখ। বিজ্ঞপ্তি