ঢাকায় সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব বর্জনের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৫ থেকে ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব বর্জনের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও এর অঙ্গসংগঠনগুলো। গতকাল রোববার উৎসব বাতিল ও জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রাঙামাটি ও খাগড়াছড়িতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।গতকাল খাগড়াছড়ি সদর ও পানছড়ি উপজেলা এবং রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ইউপিডিএফ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব বাতিল ও জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। পরে পৃথক তিনটি স্থানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামসহ দেশের জাতিসত্তাগুলোর অস্তিত্ব বিলুপ্ত করার ষড়যন্ত্র চালাচ্ছে। নিজস্ব পরিচয় থাকার পরও সংখ্যালঘু জাতিসত্তাগুলোকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে উল্লেখ করে অপমানিত করা হয়েছে। উৎসব আয়োজনের মাধ্যমে চাপিয়ে দেওয়া পরিচয় তুলে ধরতে অপচেষ্টা চালানো হচ্ছে।সমাবেশগুলোতে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অর্পণ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি বিলাস চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক বিপুল চাকমা প্রমুখ।ইউএনডিপির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের (সিএইচটিডিএফ) সহায়তায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় আগামী ৫ থেকে ১০ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব আয়োজনের উদ্যোগ নেয়। গত চার বছর সিএইচটিডিএফের উদ্যোগে আদিবাসীদের কৃষ্টি-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ও জীবনপ্রণালির প্রচারণামূলক সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব আয়োজন করে আসছে। কিন্তু এ বছর উৎসবের নথিপত্রে আদিবাসীদের নৃগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিসত্তা হিসেবে অভিহিত করার অভিযোগে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের নাগরিক সংগঠন, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে উৎসব বর্জনের আহ্বান জানানো হয়েছে।