সিরাজগঞ্জের বাঘাবাড়ী মিল্ক ভিটা দুগ্ধ কারখানা থেকে গতকাল সোমবার সাত ঘণ্টা ঢাকায় দুধ ও দুগ্ধজাত পণ্য পাঠানো বন্ধ ছিল। উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের অবরোধের কারণে কারখানায় দুধ সংগ্রহ করা গেলেও তা সরবরাহ করা যায়নি।
কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, একটি পুরোনো মামলায় দুজন পরিবহন শ্রমিকের বাড়িতে পুলিশের অভিযান চালানোর প্রতিবাদে গতকাল কারখানার প্রধান ফটক ট্যাংকলরি দিয়ে অবরুদ্ধ করে ফেলেন শ্রমিকেরা। এরপর কারখানা কর্তৃপক্ষ বিকল্প পথে খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করেন। কিন্তু অবরোধের কারণে সংগৃহীত সেই দুধ ও দুগ্ধজাত পণ্য ঢাকায় পাঠানো যায়নি। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ব্যাপারে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী জানান, কারখানা কর্তৃপক্ষ মামলাটি প্রত্যাহারের আশ্বাস দেওয়ায় তাঁরা সন্ধ্যা ছয়টায় অবরোধ তুলে নেন।
শ্রমিক ইউনিয়ন ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) বাঘাবাড়ী কর্তৃপক্ষ উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের একটি ভাড়া করা ট্রাকে ৩৫ বস্তা গুঁড়া দুধ ঢাকায় মিল্ক ভিটার মিরপুর কারখানায় পাঠান। কিন্তু এ দুধ কারখানায় নেওয়ার পর চুরি হয়ে যায়। পরে মিল্ক ভিটার কর্তৃপক্ষ ট্রাকচালক আবদুল হাকিম, তাঁর সহকারী মো. আশরাফুল ও বাঘাবাড়ী মিল্ক ভিটার নিরাপত্তা প্রহরী ময়নুল হকের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করেন। পল্লবী থানার এসআই মইনুল কবির তদন্ত শেষে ওই বছরের ৫ এপ্রিল দুধ চুরির সঙ্গে তিনজনের সংশ্লিষ্টতা না পেয়ে তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন। কিন্তু তারপর আর মামলাটি প্রত্যাহার করা হয়নি।
শাহজাদপুর থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, সিআইডির মাধ্যমে ট্রাকচালক আবদুল হাকিম ও তাঁর সহকারী আশরাফুলের নামে গ্রেপ্তারি পরোয়ারা পাঠানো হয়েছে। তাই তাঁদের গ্রেপ্তারে গত রোববার রাতে পুলিশ তাঁদের বাড়িতে অভিযান চালায়।