রাতে রিখটার স্কেলে সাত থেকে সাড়ে সাত মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকায় ৯০ হাজার মানুষ হতাহত হবে। আর দিনের বেলায় হলে হতাহতের সংখ্যা দাঁড়াবে ৭০ হাজার। এ ধরনের ভূমিকম্পে ঢাকার প্রায় ৭২ হাজার ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। আরও ৮৫ হাজার ভবনে মাঝারি ধরনের ক্ষয়ক্ষতি হবে। শুধু ভবন ভাঙার কারণে ক্ষয়ক্ষতি হবে ছয় বিলিয়ন ডলারের সমতুল্য।জাতীয় সংসদে গতকাল সোমবার সকালে শাহরিয়ার আলমের এক প্রশ্নের জবাবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক এ কথা বলেন। তিনি বলেন, ঢাকায় আট মাত্রার ভূমিকম্প হওয়ার মতো ভূতাত্ত্বিক ফাটল রেখা নেই। তবে ঢাকা থেকে ৬০ কিলোমিটার দূরে মধুপুর অঞ্চলে রিখটার স্কেলে সাত থেকে সাড়ে সাত মাত্রার ভূমিকম্প হওয়ার মতো ভূতাত্ত্বিক ফাটল রেখা রয়েছে।মন্ত্রী জানান, ঢাকা সিটি করপোরেশন এলাকার তিন লাখ ২৬ হাজার দালানের ওপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, সাত থেকে সাড়ে সাত মাত্রার ভূমিকম্প হলে রাজধানীর প্রায় ৭২ হাজার দালান সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে তিনি জানান, নিম্ন আয়ের মানুষের জন্য রেশনব্যবস্থা পুনঃপ্রবর্তনের কোনো পরিকল্পনা সরকারের নেই।প্রশ্নোত্তর পর্বের আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বেলা সোয়া ১১টায় সংসদের অধিবেশন শুরু হয়। গতকালও প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। ২২ লাখ ফেয়ার প্রাইস কার্ড দেওয়া হবে: সাধনা হালদারের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, সরকার নির্ধারিত মূল্যে চাল কেনার সুবিধার্থে গরিব ও দুস্থ মানুষের মধ্যে সরকার ২২ লাখ ২৫ হাজার ফেয়ার প্রাইস কার্ড দেবে। যেসব মানুষ সীমিত ও স্বল্প আয়ের ওপর নির্ভরশীল কিন্তু ভিজিএফসহ সরকারি কোনো সুবিধা পায় না, তারাই এ কার্ড পাওয়ার যোগ্য হবে। তিনি জানান, এ কার্ড দেওয়ার জন্য তালিকা প্রণয়ন করতে প্রতিটি ওয়ার্ডপর্যায়ে পরিবার বাছাই ও তালিকা তৈরির জন্য ছয় সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। মেয়র ও সাংসদেরা এসব কমিটির উপদেষ্টা থাকবেন।ওয়ারেসাত হোসেন বেলালের এক প্রশ্নের জবাবে আবদুর রাজ্জাক বলেন, দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। দেশে উৎপাদিত চাল চাহিদার চেয়ে বেশি হলেও উৎপাদিত গম দেশের চাহিদার তুলনায় কম।চিংড়ি রপ্তানি কমেছে: মোহাম্মদ শাহ আলমের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ফারুক খান জানান, বাংলাদেশের চিংড়ি রপ্তানি প্রতি বছরই কমছে। মন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে, ২০০৬-০৭ অর্থবছরে ৪৫৬ দশমিক ৯৮ মিলিয়ন ডলারের চিংড়ি রপ্তানি হয়েছিল। ২০০৭-০৮ অর্থবছরে ৪৪৬ দশমিক ৪১ মিলিয়ন ডলারের, ২০০৮-০৯ অর্থবছরে ৩৫৩ দশমিক ১৬ মিলিয়ন ডলারের এবং ২০০৯-১০ অর্থবছরে ২৬১ দশমিক ৪২ মিলিয়ন ডলারের চিংড়ি রপ্তানি করা হয়েছে।মোহাম্মদ শাহজাহান খানের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০০৯-১০ অর্থবছরে ৪২টি দেশে হিমায়িত চিংড়ি রপ্তানি করা হয়েছে।