ঢাকায় সামান্য বৃষ্টি, তাপপ্রবাহ চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আজ রোববার সকাল নয়টা পর্যন্ত ১ মিলিমিটারের চেয়ে কম বৃষ্টি হয়েছে। আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরে আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।


এতে বলা হয়, রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় এবং পাবনা ও বগুড়া অঞ্চলের দু-একটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।


আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বাসসকে বলেন, দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া যেসব অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা চলমান থাকতে পারে।

রাজশাহী ও যশোর অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, সৈয়দপুর, বরিশাল, পটুয়াখালী অঞ্চলসহ রাজশাহী বিভাগের অবশিষ্ট অংশ এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।


এ তাপপ্রবাহ প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আজ সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার এক পূর্বাভাসে জানানো হয়েছে। এতে বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পাবনা, বগুড়া অঞ্চলসহ রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।