ঢাকায় সিদ্ধান্ত, জানেন না জেলা বিএনপির নেতারা
পটুয়াখালী পৌরসভা নির্বাচনে জেলা বিএনপি থেকে দলীয় সমর্থন দেওয়া হয়েছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্নাকে। এ ছাড়া বিকল্প হিসেবে ওহায়িদ সরোয়ার কালাম ও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন খানকে মনোনয়নপত্র দাখিল করতে বলা হয়েছে। গত শনিবার ঢাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জেলা বিএনপির বেশির ভাগ নেতাই বিষয়টি জানেন না।জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রব মিয়া জানান, শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী। ঢাকায় নেওয়া এ সিদ্ধান্ত জেলার অনেক নেতাই জানেন না বলে জানিয়েছেন। মেয়র পদে বিএনপির সমর্থনপ্রত্যাশী বর্তমান মেয়র মোশতাক আহমেদ বলেন, ‘ঢাকায় বসে কাকে সমর্থন দেওয়া হয়েছে তা জানি না। আমি স্থানীয় ও কেন্দ্রের কাছে দলীয় সমর্থন চেয়েছি। কেন্দ্র থেকে আমাকেই সমর্থন দেবে।’জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গাজী আশফাকুর রহমান বলেন, ‘ঢাকায় বসে কী সিদ্ধান্ত নিয়েছে, তা আমরা জানি না।’ কেন্দ্রীয় যুবদলের সদস্য ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মনিরুল ইসলাম বলেন, ‘দলীয় সমর্থনের ব্যাপারে স্থানীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। ঢাকায় বসে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা আমরা জানি না এবং তা দলীয় সিদ্ধান্ত নয়।’ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান খান বলেন, ‘ঢাকায় বসে যে সিদ্ধান্তই নেওয়া হোক, তা কয়েকজন নেতার মনগড়া সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত নয়। আমরা কেন্দ্রের সিদ্ধান্ত এখনো পাইনি।’ আরেক যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ মৃধা জানান, তিনি এখনো এ বিষয়ে কিছু জানেন না। জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া জানান, আলতাফ চৌধুরী মুঠোফোনে তাঁকে ঢাকায় যেতে বলেছিলেন। স্বাস্থ্যগত কারণে তিনি ঢাকায় যাননি। তবে মেয়র পদে সমর্থনের বিষয়টি তিনি এখনো জানেন না। কেন্দ্র থেকেও তাঁকে জানানো হয়নি।