ঢাকায় সিপিএ সম্মেলন নিয়ে অনিশ্চয়তা
বাংলাদেশে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬২তম সম্মেলন অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ঢাকার গুলশানে ও শোলাকিয়ায় জঙ্গি হামলার কারণে কিছু দেশ বাংলাদেশ সফরের ব্যাপারে সতর্কতা জারি করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় সিপিএ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয় সূত্র জানায়, একাধিক জায়গায় জঙ্গি হামলার পর সিপিএর সদর দপ্তর থেকে এই সময়ে ঢাকায় সম্মেলন আয়োজন করা ঠিক হবে কি না, এ বিষয়ে সিপিএর নির্বাহী কমিটির চেয়ারপারসন ও সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মতামত জানতে চাওয়া হয়েছে।
সিপিএর সেক্রেটারি জেনারেল আকবর খানের পাঠানো ই-মেইল বার্তায় জানানো হয়েছে, সিপিএ ভুক্ত নয়টি অঞ্চলের মধ্যে পাঁচটি অঞ্চল নিরাপত্তার প্রশ্ন তুলে ইতিমধ্যে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে সেসব দেশের নাগরিকদের সতর্ক করেছে। যে কারণে সেসব দেশের আইনপ্রণেতারা বাংলাদেশ সফরে আসবেন না।
জানতে চাইলে সিপিএর নির্বাহী কমিটির চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, এ পরিস্থিতিতে ঢাকায় সিপিএ সম্মেলন হলে সদস্যদের উপস্থিতির সংখ্যা কমে যাবে। এই বিবেচনায় ঢাকায় সম্মেলন করা ঠিক হবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে সিপিএ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যদি ঢাকা থেকে সরে যায়, সে ক্ষেত্রে অন্য কোনো দেশে সম্মেলন হবে। সে রকম কিছু হলে ২০১৭ সালের সম্মেলন ঢাকায় হবে।
১০ দিনব্যাপী এবারের সম্মেলনে সিপিএ ভুক্ত দেশের ছয় শতাধিক আইনপ্রণেতার অংশ নেওয়ার কথা রয়েছে। কমনওয়েলথভুক্ত ১৮০টি পার্লামেন্টের ১৭ হাজার আইনপ্রণেতা সিপিএর সদস্য। সম্মেলন উপলক্ষে ইতিমধ্যে বাংলাদেশ সব ধরনের প্রস্তুতি শেষ করেছে।