কক্সবাজার সৈকত তীরের একটি রেস্টহাউসে গতকাল সোমবার সকাল ১০টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার পুলিশ ফোর্সের (যৌথ বাহিনী) মধ্যে পাঁচ ঘণ্টাব্যাপী উচ্চপর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত (পাঁচ দিন) ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের সীমান্তরক্ষীদের সম্মেলনে আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়।
বৈঠকে ১৩ সদস্যের মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, সে দেশের পুলিশ ফোর্সের পরিচালক লে. কর্নেল আং।
আর ১৪ সদস্যবিশিষ্ট বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল খোন্দকার ফরিদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবি সদর দপ্তরের উপমহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) কর্নেল আবুল বাশার মো. খায়রুল হাসনাত, কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম, টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ, নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আজিজুল হক, রামু ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম পারভেজ প্রমুখ।