ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত চুয়েট শিক্ষকের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মানবিক বিভাগের বিভাগীয় প্রধান ওবায়দুল হককে (৩২) গতকাল সোমবার দাফন করা হয়েছে। গত রোববার রাত ১০টার দিকে ঢাকার মৎস্য ভবনের সামনে মওলানা আবদুুল হামিদ খান ভাসানী সড়কে একটি বাস তাঁকে চাপা দিলে তিনি নিহত হন। গতকাল সন্ধ্যায় জানাজা শেষে মরহুমকে কুমিল্লার মুরাদনগরের তীরকাশিমপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানা গেছে, ওবায়দুল হকের পরিবার ঢাকার এলিফ্যান্ট রোডের শেলেটক্ টাওয়ারের একটি ফ্ল্যাটে থাকত। সুমাইয়া নামে তাঁর চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে। জানা গেছে, পূজার ছুটিতে চুয়েট বন্ধ হওয়ায় ওবায়দুল হক তাঁর স্ত্রী ও মেয়ের সঙ্গে দেখা করতে চট্টগ্রাম থেকে ঢাকায় যান। বাসা থেকে সন্ধ্যার পর বের হয়ে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। ওবায়দুলের বড় ভাই রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘বাসচালকের অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে আমরা জেনেছি।’ তিনি বাসচালকের শাস্তি দাবি করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওবায়দুল রাস্তা পারাপারের সময় যাত্রাবাড়ী থেকে আসা মিরপুরগামী একটি বাস তাঁকে চাপা দেয়। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ চালকসহ বাসটি আটক করে। চুয়েট সূত্র জানায়, ওবায়দুল হক সমাজবিজ্ঞানের সহকারী অধ্যাপকের পাশাপাশি মানবিক বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন।