ঢাকায় যানজট, ভোগান্তিতে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। নিউইয়র্ক থেকে তাঁকে বহন করা এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজটি সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে।

দেশে ফেরা ও জাতিসংঘের দুটি পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের গণসংবর্ধনায় যোগ দিতে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের এক পাশে হাজার হাজার নেতা–কর্মী জড়ো হয়েছেন। রাজধানীর ব্যস্ততম এই সড়কের অনেকাংশ দখল করে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা–কর্মী ও সমর্থকেরা অবস্থান নেওয়ায় ঢাকার বিভিন্ন স্থানে যানজট দেখা দিয়েছে। এ কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে মানুষকে।

আজ শুক্রবার ছুটির দিন হলেও বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং প্রধানমন্ত্রীর দেশে ফেরা উপলক্ষে রাজধানীর কোথাও কোথাও দীর্ঘ যানজট দেখা যায়। ছবিটি বাংলামোটর এলাকা থেকে তোলা। ছবি: মনিরুল আলম

জাতিসংঘের ৭১তম অধিবেশনে যোগদান ও কানাডা সফর শেষে আজ শুক্রবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে নারীর ক্ষমতায়ন ও এজেন্ট অব চেঞ্জ পুরস্কারে ভূষিত হন তিনি। এ জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যায় দেশে ফেরেন। কিন্তু দুপুর থেকেই তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দর সড়কে হাজির হন নেতা-কর্মীরা। এ কারণে যানবাহনগুলো আটকে পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রীরা। ছবিটি বিকেলে তোলা। ছবি: জাহিদুল করিম

বিমানবন্দর সড়কে হাজার হাজার মানুষের উপস্থিতি, সড়কের মধ্যে দাঁড়িয়ে পড়া, সড়কে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করার কারণে বিমানবন্দর থেকে গণভবনে আসার সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়ে। গাড়িগুলোকে ধীরগতিতে একটি, কখনো বা দুটি লেনে চলতে হয়েছে। ফলে টঙ্গী পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে বিপরীত পাশের সড়কের বিজয় সরণি থেকে মৎস্য ভবন পর্যন্ত যানজট তৈরি হয়। বিমানবন্দর মোড় ধীরগতিতে পার হওয়ার কারণে যানজট নিকুঞ্জ পর্যন্ত দেখা যায়। তা ছাড়া মানিক মিয়া অ্যাভিনিউয়ের এক পাশে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

যানজটের কারণে বিমানবন্দর মোড় থেকে গাড়ি উত্তরার দিকে যেতে বাধা পাওয়ায় মোড় থেকে টঙ্গীগামী মানুষ কোনো পরিবহন পাচ্ছিল না। অন্যদিকে বিজয় সরণি থেকে শাহবাগগামী মানুষকেও একই সমস্যায় পড়তে হয়েছে। অনেককেই পরিবহন না পেয়ে হেঁটে, আবার যানজটে বসে না থেকে গাড়ি থেকে নেমেই গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।

আরও পড়ুন: