রাজধানীতে ‘পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স’ নামে একটি অঙ্গন প্রতিষ্ঠা করা হচ্ছে। এতে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী বা প্রতিমন্ত্রীর বাসভবন, পার্বত্য সংস্কৃতি তুলে ধরার ব্যবস্থা ও আরও কিছু আবাসনসুবিধা থাকবে। এ জন্য মিন্টো রোডে অফিসার্স ক্লাবের পেছনে ১ দশমিক ৯৪ একর জমি বরাদ্দ করা হয়েছে। এদিকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী স্থানীয় পর্যায়ের সরকারি বিভিন্ন বিভাগ ও দপ্তর পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তরের অংশ হিসেবে আগামী ৬ নভেম্বর নতুন পাঁচটি দপ্তর হস্তান্তর করা হবে। সরকারের নির্ভরযোগ্য সূত্রে এ খবর জানা গেছে।কমপ্লেক্স: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি অঞ্চলটির স্বাতন্ত্র্য তুলে ধরার ব্যবস্থা থাকবে কমপ্লেক্সে। থাকবে সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীর বাসভবন, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও তিনজন সার্কেলপ্রধানের ঢাকায় অবস্থানের সময় থাকার ব্যবস্থা।কমপ্লেক্সে একটি সাধারণ বিশ্রামাগারও নির্মাণ করা হবে যাতে পার্বত্য চট্টগ্রাম থেকে কোনো কাজে রাজধানীতে আসা ব্যক্তিরা থাকতে পারবেন। একটি মিলনায়তন এবং পার্বত্য চট্টগ্রামের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ জিনিসপত্রের প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রও করা হবে এ অঙ্গনে। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা প্রথম আলোকে বলেন, যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু করা হবে।জেলা পরিষদে হস্তান্তর: আগামী ৬ নভেম্বর পার্বত্য তিন জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও কৃষি উন্নয়ন করপোরেশন। এ ছাড়া খাগড়াছড়ি জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হবে তুলা উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়, রামগড় মৎস্য হ্যাচারি ও সরকারি শিশুসদন। আর বান্দরবান জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হবে সরকারি শিশুসদন। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে পার্বত্য চুক্তি স্বাক্ষরের পর এ পর্যন্ত ১৭টি দপ্তর ও বিভাগের কিছু কিছু বিষয় জেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমান সরকারের আমলে দুটি পার্বত্য জেলা পরিষদের কাছে মাত্র দুটি বিষয় হস্তান্তর করা হয়েছে। সমাজ উন্নয়ন প্রকল্প: ইউনিসেফের সহায়তাপুষ্ট পার্বত্য চট্টগ্রামের ‘সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প’ আরও পাঁচ বছর চালানোর জন্য ৩২০ কোটি টাকার বরাদ্দ অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে ১৬৩ কোটি ইউনিসেফের অনুদান এবং ১৫৭ কোটি দেবে সরকার। এই টাকায় ২৫টি উপজেলায় ৫০০ ‘পাড়াকেন্দ্র’ স্থাপন ও পরিচালনা করা হবে।