আগামী ৩ জুলাই ঢাকার অর্ধদিবস হরতালের পাশাপাশি ওই দিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে কমিটির নেতারা আনুষ্ঠানিকভাবে হরতালসহ অন্যান্য কর্মসূচি ঘোষণা করেন। আগের দিন শুক্রবার রাতে কমিটির বৈঠকে হরতালের সিদ্ধান্ত হয়।এ ছাড়া হরতালের সমর্থনে কমিটি ২১ জুন থেকে ১ জুলাই ঢাকার বিভিন্ন থানায় পদযাত্রা ও বিভিন্ন পেশাজীবী-ছাত্র-যুব সংগঠনের সঙ্গে মতবিনিময় করবে। বঙ্গোপসাগরে গ্যাস উত্তোলনে বহুজাতিক কোম্পানি কনোকো ফিলিপসের সঙ্গে সরকারের করা চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে কমিটি এই হরতাল কর্মসূচি দেয়।গতকালের সংবাদ সম্মেলনে রপ্তানির সুযোগ রেখে কনোকো ফিলিপসের সঙ্গে সম্পাদিত চুক্তিকে দেশবিরোধী আখ্যায়িত করা হয়। বলা হয়, এই হরতাল ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি বা সহিংসতার হরতাল নয়। অনিচ্ছা বা ভয়ে নয়, জনগণ এই হরতাল পালন করবে তার নিজের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে।সংবাদ সম্মেলনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য-সচিব আনু মুহম্মদ, সৈয়দ আবুল মকসুদ, খালেকুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।