ঢাকায় হরতালবিরোধী মানববন্ধনে শিক্ষার্থীরাও অংশ নিয়েছিল
আওয়ামী লীগের একাধিক সাংসদের উদ্যোগে গতকাল সোমবার ঢাকার কয়েকটি এলাকায় সকাল-বিকাল কয়েক দফা হরতালবিরোধী মানববন্ধন হয়েছে। এসব মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, বাস্তুহারা ও বস্তিবাসী এবং সাধারণ মানুষ অংশ নেয়।গতকাল সকাল ১০টা থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ট্রাফিক পুলিশ বক্সে ব্যানার টাঙিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতারা হরতালবিরোধী বক্তৃতা দিতে থাকেন। এ সময় গোলচত্বর থেকে পর্যায়ক্রমে প্রায় কাজীপাড়া পর্যন্ত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অন্যান্য শ্রেণীর মানুষ মানববন্ধন করে। এ কারণে ওই সময় পল্লবী থেকে ১০ নম্বর পর্যন্ত ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বেলা তিনটার দিকে দক্ষিণ পাইকপাড়া মডেল একাডেমি স্কুলের শ খানেক শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষিকা দারুসসালাম পুলিশ বক্সসংলগ্ন টেকনিক্যাল মোড়ে মানববন্ধনে অংশ নেন। তাঁরা হরতালবিরোধী ব্যানার বহন করেন। এক ঘণ্টা মানববন্ধন শেষে তাঁরা ফিরে যান। ঢাকা সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা জানান, স্থানীয় সাংসদ আসলামুল হক গত রোববার মডেল একাডেমি স্কুল কর্তৃপক্ষের কাছে হরতালবিরোধী মানববন্ধনে অংশ নিতে ছাত্রী চান। এর পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ছাত্রী দিতে রাজি হয়। প্রায় একই সময় মধ্য পাইকপাড়ার মোহাম্মদবাগ ইসলামিয়া আলিয়া মাদ্রাসার অর্ধশতাধিক ছাত্র ও কয়েকজন শিক্ষক দারুসসালাম রোডের সরকারি বাঙলা কলেজের সামনে ব্যানারসহ এক ঘণ্টা মানববন্ধনে অংশ নেন। বেলা তিনটার দিকে কল্যাণপুর স্কুল অ্যান্ড কলেজের অর্ধশতাধিক ছাত্রী কল্যাণপুর প্রধান সড়কের পাশে এক ঘণ্টা মানববন্ধন করেন। সকালে মোহাম্মদপুর ও আসাদগেট এলাকায়ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার কয়েক শ সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেয়। সর্বত্রই মানববন্ধনে হরতালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বক্তব্য রাখা হয়। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় সাংসদদের নামে জয়ধ্বনি দেওয়া হয়।