ঢাকায় হামলার ঘটনায় বিশ্বনেতাদের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রিসভার বৈঠকের পর গতকাল বাংলাদেশের সন্ত্রাসী হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন শিনজো আবে l এএফপি
মন্ত্রিসভার বৈঠকের পর গতকাল বাংলাদেশের সন্ত্রাসী হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন শিনজো আবে l এএফপি

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলা এবং হতাহতের ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। এ রক্তক্ষয়ী হামলার ঘটনায় দুজন পুলিশের কর্মকর্তাসহ ২৮ জন নিহত হয়েছেন। যৌথ বাহিনীর উদ্ধার অভিযানের সময় নিহত ছয় জঙ্গিও রয়েছে এ তালিকায়।
হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে এক পোস্টে এ ঘটনায় তিনি ‘বর্ণনাতীত ব্যথিত’ বলে উল্লেখ করেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও একজন ভারতীয় তরুণীর নিহত হওয়ার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করেন।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ হামলার নিন্দা করেছেন। তিনি গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন। এর আগে রেস্তোরাঁয় যৌথ বাহিনী অভিযান পরিচালনার আগে শিনজো আবে টোকিওতে সাংবাদিকদের বলেছিলেন, জীবন বাঁচানোই এখন সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।
রোমে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি বলেন, ‘উগ্রপন্থী ইসলামের এ হুমকির মুখে ইতালি ঐক্যবদ্ধ থাকবে। এই উন্মত্ততা আমাদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করতে পারবে না।’
কঠোর ভাষায় এ হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস। এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জর্জ আর্নেস্ট বলেছেন, ‘আমরা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি এবং প্রয়োজনীয় সহযোগিতার প্রস্তাব দিয়েছি।’ এ ঘটনাকে ঘৃণ্য সন্ত্রাসী কার্যকলাপ আখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়, যেখানেই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটুক তা মোকাবিলা করতে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে আছে যুক্তরাষ্ট্র।
জঙ্গি হামলার ঘটনায় বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল এক বিবৃতিতে ইইউর ভাইস প্রেসিডেন্ট ফেদেরিকা মগেরিনি বলেন, ‘সন্ত্রাসের হুমকি আমাদের সবাইকে একসঙ্গে মোকাবিলা করতে হবে।’ মগেরিনি বলেন, ‘ঢাকায় ইতালির দূতাবাসকে সহায়তার জন্য সেখানকার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল প্রস্তুত বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনটিলোনিকে আমি জানিয়েছি।’
হামলার নিন্দা জানিয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার এক বিবৃতিতে বলেছেন, হামলায় যাঁরা আক্রান্ত হয়েছেন সেসব বাংলাদেশি, জাপানি, ইতালীয় এবং ভারতীয় বন্ধুদের এবং অন্য যাঁরা রয়েছেন সবার জন্য আমার হৃদয় ভারাক্রান্ত।’ বাংলাদেশে থাকা বিদেশিরা এই হামলার লক্ষ্য ছিলেন মন্তব্য করে তিনি বলেন, ‘হত্যা ও সন্ত্রাস চালিয়ে এসব সন্ত্রাসী পুরো সমাজকে বিভক্ত করতে চায় এবং সেই সঙ্গে সমাজের শান্তি বিনষ্ট করতে চায়।’
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে বলেছে, ‘সন্ত্রাস বৈশ্বিক আপদে পরিণত হয়েছে। সন্ত্রাস মোকাবিলায় আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে ফ্রান্স বদ্ধপরিকর।’
গতকাল টুইটারে এক পোস্টে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ-বিষয়ক প্রতিমন্ত্রী হুগো সোয়্যার লিখেছেন, ‘এই ভয়ংকর ও কাণ্ডজ্ঞানহীন হামলার তীব্র নিন্দা জানাই।’ আরেক টুইট বার্তায় তিনি লেখেন, ‘বাংলাদেশে এই হামলার ঘটনায় আমরা হতভম্ব। পররাষ্ট্র ও কমনওয়েলথ বিভাগ স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।’
ঢাকায় সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেও। চার দিনের সফরে ভুটানে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে থিম্পুর তাজ তাশি হোটেলে গতকাল সাক্ষাতের সময় তিনি বলেন, ‘ভুটান সব সময় বাংলাদেশের পাশে আছে।’
গুলশানের রেস্তোরাঁয় হামলার ঘটনাকে ‘সৃষ্টিকর্তা ও মানবতার বিরুদ্ধে সহিংসতা’ বলে মন্তব্য করেছেন বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। গতকাল পাঠানো এক বার্তায় তিনি বলেন, ‘ঢাকায় নিরপরাধ মানুষের ওপর এ কাণ্ডজ্ঞানহীন হামলার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।’
সূত্র: এএফপি, রয়টার্স, বিবিসি ও বাসস