অবরোধের ঘোষণা দিয়ে ঢাকায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। গতকাল মঙ্গলবার সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।সমিতির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সেকান্দর চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অবরোধ ও সমাবেশের নামে হেফাজতে ইসলাম ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড, ব্যবসাপ্রতিষ্ঠান ধ্বংস, লুটপাট, পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থে অগ্নিসংযোগ করেছে, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।আরেক বিজ্ঞপ্তিতে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের আহ্বান জানানোকে স্বাগত জানানো হয়েছে। এতে বলা হয়, দেশে বিরাজমান রাজনৈতিক সংকট, অরাজকতা, বিশৃঙ্খলা নিরসন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উদ্ভূত পরিস্থিতির সমাধান সংলাপের মাধ্যমেই সম্ভব। প্রধানমন্ত্রীর সংলাপের প্রস্তাব নাকচ করে ৪৮ ঘণ্টার যে সময়সীমা দেওয়া হয়েছে, তা দেশের রাজনীতিতে অশনি-সংকেত। তবে বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীকে চা-পানের যে আমন্ত্রণ জানিয়েছেন, তা আশাব্যঞ্জক।