ঢাকায় ১৪ দলের সমাবেশ আজ
আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সমাবেশ করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট। এই সমাবেশে বড় ধরনের জমায়েত করার লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গতকাল আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলার নেতাদের নিয়ে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা প্রস্তুতি বৈঠক করেছেন। এতে ঢাকা ছাড়াও নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইল জেলার নেতারা অংশ নেন। এসব জেলার নেতাদের বেশিসংখ্যক নেতা-কর্মী নিয়ে সমাবেশে যোগ দিতে বলা হয়েছে।
বৈঠকে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, জাহাঙ্গীর কবির নানক, খালিদ মাহমুদ চৌধুরী, আব্দুর রাজ্জাক, জাসদের হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক প্রমুখ।
সমাবেশ সফল করতে এর আগে ঢাকা মহানগর আওয়ামী লীগও তিন দফা যৌথ সভা করেছে। মহানগরের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি করতে এ সমাবেশ করা হচ্ছে।