ঢাকায় ১৫ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক স্থাপত্য সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থাপত্য নিয়ে ১৫ জানুয়ারি থেকে রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত সামরিক জাদুঘরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক সম্মেলন। ‘এনগেজ ঢাকা ২০১৫: প্লেস প্রেজেন্স’ শীর্ষক তিন দিনের এ সম্মেলনের আয়োজন করছে বেঙ্গল ফাউন্ডেশন।
সম্মেলনটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশে আধুনিক স্থাপত্যচর্চার পুরোধা-ব্যক্তিত্ব মাজহারুল ইসলামকে। সম্মেলন উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সম্মেলনে বক্তা হিসেবে থাকবেন জাপানের স্থপতি ফুমিহিকো মাকি, নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক কেনেথ ফ্রাম্পটন, ফ্রান্সের চিত্রশিল্পী ও সমালোচক উইলিয়াম জে আর কার্টিস, মালয়েশিয়ার স্থপতি কেন ইয়েং, তুরস্কের হান তুমেরটেকিন, কেমব্রিজের হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অব ডিজাইনের প্রধান রাহুল মেহরোত্রা, চীনের স্থপতি অধ্যাপক কংজিয়ান উ, স্পেনে কর্মরত স্থপতি অনুপমা কুণ্ড, শ্রীলঙ্কার স্থপতি পালিন্দ্র কানাংগরা, স্পেনের হেক্টর ফার্নান্দেজ এলোরা, হংকংয়ের স্থপতি জন লিন এবং বাংলাদেশের স্থপতি শামসুল ওয়ারেস, সাইফ উল হক, বশিরুল হক, কাজী খালিদ আশরাফ এবং ফারুক আমীন। এ ছাড়া বিভিন্ন দেশের ইতিহাসবিদ, তাত্ত্বিক, শিক্ষক এবং পেশাজীবী স্থপতিরা উপস্থিত থাকবেন।
এ সম্মেলন উপলক্ষে গত ২৮ ডিসেম্বর ঢাকায় দ্য ডেইলি স্টার ভবনে সংবাদ সম্মেলন করে বেঙ্গল ফাউন্ডেশন। আয়োজকেরা জানান, এবারের সম্মেলনে দেশীয় জলবায়ু, নির্মাণ উপাদান এবং পরিপ্রেক্ষিত বিবেচনা করে স্বতন্ত্র স্থাপত্যশৈলী নিয়ে আলোচনা হবে। তা ছাড়া ৪০০ বছরের পুরোনো ঢাকা শহর রক্ষা ও নগর পরিকল্পনায় আধুনিকায়ন আনা, স্থাপত্যচর্চা এবং নগরায়ণ বিষয়ে গঠনমূলক সংলাপও চলবে।
আয়োজকেরা আরও জানান, স্থাপত্যচর্চার ঐতিহ্য এবং শিল্পমূল্যের প্রতি পেশাজীবী স্থপতি, শিক্ষক ও সাধারণ মানুষের আগ্রহ ফিরিয়ে আনতেই বেঙ্গল ফাউন্ডেশন এ সম্মেলন আয়োজন করছে। তাই এবারের সম্মেলন সবার জন্য উন্মুক্ত থাকবে। এ জন্য অংশগ্রহণকারীদের অনলাইনে নিবন্ধন করতে হয়েছে। নিবন্ধনপ্রক্রিয়া চলেছে ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত।
এবারের সম্মেলনে বেঙ্গল আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউটের ঘোষণা দেওয়া হবে। স্থাপত্য নকশা বিষয়ে যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে আগামী আগস্টে এর যাত্রা শুরু করার কথা রয়েছে।
স্থাপত্য সম্মেলন আয়োজনে সহযোগী হিসেবে থাকছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। সম্মেলন প্রাঙ্গণে পুরস্কার পাওয়া স্থপতিদের কাজের একটি প্রদর্শনীর আয়োজন করবে স্থপতি ইনস্টিটিউট। আর সম্মেলন আয়োজনে কৌশলগত সহযোগী বা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার, রেডিও পার্টনার রেডিও এবিসি এবং মিডিয়া পার্টনার আইস টুডে।