ঢাকায় ১৮ শতাংশ শিশু কার্যকর টিকা পাচ্ছে না
ঢাকা সিটি করপোরেশন এলাকায় পাঁচ কারণে সব শিশু কার্যকর মাত্রায় টিকা পাচ্ছে না। এমন ঘটছে ১৮ শতাংশ শিশুর ক্ষেত্রে। এসব শিশুর কাঙ্ক্ষিত রোগ প্রতিরোধক্ষমতা গড়ে উঠছে না। এতে টিকাদান কর্মসূচির উদ্দেশ্য সফল হচ্ছে না।
‘ঢাকা সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় ১২ মাস বয়সী শিশুদের টিকা প্রদানে কার্যকর ডোজের বাধা’ নামের গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গত বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই গবেষণার তথ্য প্রকাশ করা হয়। ইমিউনাইজেশন প্ল্যাটফর্ম অব সিভিল সোসাইটি ইন বাংলাদেশ (আইপিসিএসবি) এই গবেষণা করেছে।
গবেষণায় বলা হয়েছে, টিকাদানের কার্ড হারিয়ে যাওয়া, টিকা দেওয়ার নির্দিষ্ট দিনে বাবা-মায়ের হাতে সময় না থাকা, পরিবারের বাসস্থান পরিবর্তন, টিকাদানের তারিখ সম্পর্কে বাবা-মায়ের অজ্ঞতার কারণে শিশুরা কার্যকর মাত্রায় টিকা পায় না। এ ছাড়া স্বাস্থ্যকর্মীদের টিকার কার্যকর মাত্রা সম্পর্কে অজ্ঞতার পাশাপাশি টিকা দেওয়ার প্রশিক্ষণ না থাকায় শিশুরা কার্যকর মাত্রায় টিকা পাচ্ছে না।
বিশেষজ্ঞরা বলেছেন, সঠিক সময়ে, সঠিক নিয়মে ও সঠিক মাত্রায় টিকা দেওয়াই হচ্ছে টিকার কার্যকর মাত্রা বা ভ্যালিড ডোজ। কিছু টিকা চার সপ্তাহ বা ২৮ দিন পরে দেওয়ার বিধান আছে। ২৭ দিনের দিন এই টিকা দিলে তা অকার্যকর হবে। একইভাবে নির্দিষ্ট সময়ের পরে টিকা দিলে তাও অকার্যকর।
অনুষ্ঠানের পরে পুষ্টিবিদ ও আইপিসিএসবির চেয়ারম্যান এস কে রায় প্রথম আলোকে বলেন, ‘টিকার উদ্দেশ্য রোগ প্রতিরোধক্ষমতা গড়ে তোলা। কার্যকর মাত্রায় টিকা দেওয়া না হলে সেই উদ্দেশ্য অর্জিত হয় না।’
গবেষণায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৭টি স্থায়ী ক্লিনিক ও ৩৪টি স্যাটেলাইট ক্লিনিক থেকে অকার্যকর টিকা নেওয়া ৪৬১টি শিশুর তথ্য নেওয়া হয়েছে। এ ছাড়া টিকাদানকারী ৫১ জন স্বাস্থ্যকর্মী এবং ৯৮ জন মায়ের কাছ থেকেও তথ্য নেওয়া হয়েছে।
দেশের এক বছরের কম বয়সী শিশুদের ছয়টি সংক্রামক রোগের টিকা দেওয়ার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহায়তায় ১৯৭৯ সালের ৭ এপ্রিল সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) শুরু হয়। এই ছয়টি রোগ হচ্ছে: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস, হাম ও পোলিও। ১৯৮৫ সালে কার্যকর মাত্রায় টিকার আওতায় আসে ২ শতাংশ শিশু। ২০১৪ সালে ৮১ দশমিক ৬ শতাংশ শিশু কার্যকর মাত্রার টিকা পেয়েছে।
গবেষণার সুপারিশে বলা হয়েছে, টিকা দেওয়ার তারিখের বিষয়ে আগেই মাকে তথ্য জানানো, প্রাতিষ্ঠানিক নজরদারির ব্যবস্থা, স্বাস্থ্যকর্মীদের প্রণোদেনা, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজে সমন্বয় বাড়াতে হবে। পাশাপাশি অভিভাবককে কার্যকর টিকার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে, বলতে হবে তাঁরা যেন কার্ড হারিয়ে না ফেলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য ও বিশ্বস্বাস্থ্য) রোকসানা কাদের বলেন, গবেষণার ফলাফল কার্যকর মাত্রায় টিকাদানের হার বাড়াতে সহায়তা করবে। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজের সমন্বয় জোরদার করে গ্রামাঞ্চলের মতো শহর এলাকায়ও টিকাদানের হার বাড়াতে হবে।