ঢাকায় ৫৯ ককটেল উদ্ধার, শিবিরকর্মী গ্রেপ্তার
রাজধানী ঢাকার বাংলাবাজার এলাকার একটি বইয়ের দোকান থেকে আজ সোমবার রাতে ৫৯টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় আবুল হাসান নামের এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের দাবি।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা নিস্ক্রিয়করণ দলের সহকারি কমিশনার রহমত উল্লাহ জানান, বিকেলে সরকারবিরোধী কিছু পোস্টারসহ এক ভ্যানচালককে আটক করে পল্টন থানা পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বাংলাবাজারের নর্থব্রুক হল রোডের ৩৪ নম্বর দোকান থেকে তিনি পোস্টারগুলো নিয়ে যাচ্ছিলেন। এরপরে রাত ৮টার দিকে ওই দোকানের আশেপাশে অবস্থান নেয় পুলিশ। কৌশলে ভ্যানচালককে দিয়ে পোস্টারের মালিককে ফোনে ডাকা হয়। পোস্টারের মালিক আবুল হাসান সেখানে এলে তাঁকে আটক করা হয়। তিনি শিবির-কর্মী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। পরে তাঁর ভাড়া নেওয়া নর্থব্রুক হল রোডের ইমানিয়াত নামের দোকানটির ভেতরে তল্লাশি চালিয়ে কার্টনে রাখা ৫৯টি ককটেল উদ্ধার করা হয়। খবর পেয়ে ডিবির বোমা নিস্ক্রিয়করণ দল পৌঁছে উদ্ধার করা বোমাগুলো সরিয়ে নেয়।