ঢাকায় ৬০০০ ইফতার মাহফিল করবে জামায়াত!
জামায়াতে ইসলামী কর্মীদের সংগঠিত ও সক্রিয় করার লক্ষ্যে রোজার মাসে শুধু রাজধানী ঢাকায় অন্তত ছয় হাজার ইফতার মাহফিল আয়োজনের প্রস্তুতি নিয়েছে।দলীয় সূত্র জানায়, ঈদের পর সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা আছে দলটির। এর জন্য ক্ষেত্র তৈরি করতেই এই বিপুলসংখ্যক ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। তবে, সবকটি ইফতার মাহফিল গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকবে না।জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, দুটি লক্ষ্য সামনে রেখে এসব ইফতার অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এক. ধর্মীয় বিষয়ে অনুশীলনের মাধ্যমে কর্মীদের নৈতিক মান বাড়ানো। দুই. সরকারবিরোধী চলমান আন্দোলনে জেল-জুলুম মোকাবিলায় রাজপথে আরও শক্ত ভূমিকা পালনের জন্য কর্মীদের তৈরি করা।জামায়াতের দায়িত্বশীল সূত্র জানায়, ঢাকা মহানগরে জামায়াতের ৪৮টি সাংগঠনিক থানা ও ১৪টি পেশাজীবী বিভাগের কমিটি আছে। প্রতিটি সাংগঠনিক থানার অধীন ন্যূনতম ১০০ সাংগঠনিক ইউনিট আছে। এ হিসাবে দলের ৪৮টি সাংগঠনিক থানায় ইউনিটের সংখ্যা পাঁচ হাজার ৮০০। এবার সব ইউনিট পর্যায়ে ইফতার অনুষ্ঠান আয়োজন করার নির্দেশনা আছে। এ ব্যাপারে দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর আমিরের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া দলের কেন্দ্রীয় কমিটি রাজনীতিক, বিশিষ্টজন, কূটনীতিক এবং মহানগর কমিটি সাংবাদিক, আইনজীবীসহ পেশাজীবীদের সম্মানে প্রতিবছর ইফতারের আয়োজন করে। এবার ঢাকা মহানগর কমিটি আগামী ২৫ জুলাই সাংবাদিকদের সৌজন্যে ইফতার মাহফিলের আয়োজন করেছে। মহানগর থানা কমিটিও এলাকায় পৃথক ইফতারের আয়োজন করে। এই কর্মসূচিতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার বিষয়ে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে বলে জানান জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার একজন সদস্য। জানতে চাইলে দলের ঢাকা মহানগর কমিটির নায়েবে আমির আবদুল হালিম এই তথ্য স্বীকার করে বলেন, ‘কেন্দ্রীয় ও মহানগর কমিটির বাইরে সব থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সাংগঠনিক ও ব্যক্তি উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হবে।’ তাহলে পুরো মাসে কত ইফতার অনুষ্ঠান আয়োজন করা হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘সংখ্যা হিসাব করে বলা যাচ্ছে না। কারণ কোনো থানায় ১০০, কোনো থানায় এর চেয়েও বেশি ইউনিট আছে।’জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও দলের সাংসদ হামিদুর রহমান আযাদ ইফতার অনুষ্ঠানকে আন্দোলনের একটি প্রস্তুতি পর্ব বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ইফতার মাহফিলের আয়োজন করা আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ। এটি বাৎসরিক রুটিন কর্মসূচি।’খরচ: দলীয় সূত্র জানায়, কোনো সাংগঠনিক ইউনিটে ১০০-এর বেশি সমর্থক বা প্রাথমিক সদস্য হলে তখন ওই ইউনিট ভেঙে একাধিক ইউনিট করা হয়। সাধারণত ইউনিটপ্রতি সদস্যসংখ্যা ৩০ থেকে ৫০ জনের মধ্যে থাকে। প্রতি ইউনিটে গড়ে ৪০ জন সদস্য ধরলে পাঁচ হাজার ৮০০ ইউনিটে সমর্থক-সংখ্যা দাঁড়ায় দুই লাখ ৩২ হাজার। এ পরিমাণ সদস্যের জন্য মাথাপিছু ১০০ টাকা হারে ইফতারির আয়োজন করতে দুই কোটি ৩২ লাখ টাকা খরচ হবে। এ ছাড়া কেন্দ্রীয় ও মহানগর কমিটির আয়োজনে ইফতার অনুষ্ঠানের খরচ তো আছেই।এ বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের বিষয়ে জানতে চাইলে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের একজন সদস্য বলেন, যেখানকার আয়োজন, সেখানকার খরচে এই ইফতার হয়। এর জন্য দল থেকে টাকা দেওয়া হয় না।