ঢাকায় 'টোকিও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় জাতীয় চিড়িয়াখানায় টোকিও l হাসান রাজা
ঢাকায় জাতীয় চিড়িয়াখানায় টোকিও l হাসান রাজা

রণবীর ও জ্যোতি। জাপান যাওয়ার জন্য তাদের একত্র হওয়া। কিন্তু জাপানযাত্রায় বিলম্বের কারণে আটকা পড়ে ঢাকায়, জাতীয় চিড়িয়াখানায়। এক খাঁচায় ছয় মাসের অপেক্ষা। এর মধ্যে জ্যোতি মা হলো। ৫৩ দিন আগে একটি শাবকের জন্মও দিল।
বেঙ্গল টাইগার রণবীর এই চিড়িয়াখানারই বাসিন্দা। জ্যোতিকে আনা হয়েছিল কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক থেকে। রাষ্ট্রীয় বন্ধুত্বের নিদর্শন হয়ে তাদের যাওয়ার কথা ছিল জাপানে। যাওয়া হলো না। তবে তাদের শাবকের নাম রাখা হয়েছে ‘টোকিও’। টোকিও জাপানের রাজধানী।
ঢাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, গত ২৩ আগস্ট চিড়িয়াখানায় রণবীর-জ্যোতির ঘরে পুরুষ শাবকটির জন্ম হয়। চিড়িয়াখানার মাংসাশী শাখার কর্মকর্তা গোলাম আজম প্রথম আলোকে বলেন, বাঘ এবং সিংহের গর্ভধারণকাল ৯০ থেকে ১১০ দিন। সেই বিচারে টোকিওর বাবা রণবীর।
২৪ আগস্ট চিড়িয়াখানায় যান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন সচিব সেলিমা আফরোজ (বর্তমানে অবসরে)। তিনিই শাবকটির নাম দেন টোকিও।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, জন্মের কিছু পরই টোকিওকে মা জ্যোতির কাছ থেকে আলাদা করে ফেলতে হয়। কারণ, মা তাকে দুধ দিচ্ছিল না। বাচ্চাকে রেখে জ্যোতি খাঁচার এক কোনায় বসে থাকত।
গতকাল বুধবার দুপুরে ‘টোকিও’র দেখা মিলল চিড়িয়াখানার হাসপাতালের একটি কক্ষে। কক্ষের ভেতরেই হার্ডবোর্ডের আলাদা বেড়া দিয়ে তার শোয়ার জন্য তোয়ালে দিয়ে বিছানা বানানো হয়েছে। টোকিওর নিঃসঙ্গতা কাটাতে দুটি পুতুল-বাঘ দেওয়া হয়েছে তার কক্ষে। তাকে খাওয়ানো হচ্ছে থাইল্যান্ডের তৈরি বিশেষ দুধ। ৫৩ দিন বয়সের টোকিওর ওজন এখন ৪ কেজি ২৮ গ্রাম। লম্বায় আড়াই ফুট।
চিড়িয়াখানার প্রাণিপুষ্টি কর্মকর্তা আবু সাইদ কামাল প্রথম আলোকে বলেন, টোকিও ধীরে ধীরে সবল হয়ে উঠছে। দুই সপ্তাহ ধরে তাকে একটু একটু করে মাংসও খেতে দেওয়া হচ্ছে।
টোকিওর মা জ্যোতি সম্পর্কে চিড়িয়াখানার কর্মকর্তারা জানান, ২০১১ সালে রাজধানীর শ্যামলী থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তিনটি চোরাই ব্যাঘ্রশাবক উদ্ধার করে। পরে সেগুলোকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে তিন শাবকের বাসস্থান হয় কক্সবাজারের বঙ্গবন্ধু ডুলাহাজারা সাফারি পার্কে। ওই তিন শাবকের একটি হচ্ছে জ্যোতি।
গত বছরের ২৫ থেকে ২৮ মে জাপান সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুত্বের নিদর্শনস্বরূপ জাপানকে এক জোড়া বেঙ্গল টাইগার উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ৮ জুলাই এ বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র, পরিবেশ ও বন এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। ঢাকা চিড়িয়াখানা থেকে রণবীর আর ডুলাহাজারা থেকে জ্যোতিকে আনা হয়। পরিচয় ও সদ্ভাব বাড়াতে তাদের কিছুদিন একসঙ্গে রেখে পর্যবেক্ষণ করা হয়। সম্পর্ক ভালো হলে এ জুটিকে এক প্রকোষ্ঠে রাখে কর্তৃপক্ষ। ওই বছরের সেপ্টেম্বর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের ঢাকায় সফরের পর এ জুটিকে জাপান পাঠানোর কথা ছিল।
জানতে চাইলে ঢাকা চিড়িয়াখানার কিউরেটর এনায়েত হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘রণবীর ও জ্যোতিকে জাপান পাঠানোর জন্য সব রকম প্রস্তুত ছিল। কার্গো বিমানে বহন উপযোগী খাঁচাও তৈরি করা হয়েছিল তাদের জন্য। কিন্তু শেষ পর্যন্ত আর তাদের পাঠানো হয়নি। কারণটা আমাদের জানা নেই। তবে এতে আমরা একটি শাবক ব্যাঘ্রশাবক পেলাম।’