ঢাকায় 'র'-এর হাতে ইন্ডিয়ান মুজাহিদীনের জঙ্গি আটকের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সামান্য ভুলে ভারতভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদীনের (আইএম) সদস্য জিয়াউর রহমান ওরফে ওয়াকাস ঢাকায় ধরা পড়েছেন। ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং ‘র’ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে ভারতে পাঠিয়েছে। বাংলাদেশে আইএসআইয়ের হয়ে কাজ করছিলেন ওয়াকাস।
ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় গতকাল মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এসব দাবি করা হয়েছে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, ওয়াকাস বাংলাদেশে লুকিয়ে ছিলেন এবং সম্ভবত নেপাল হয়ে পাকিস্তানে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত র-এর জালে বন্দী হন তিনি।
ভারতের নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, আইএম সদস্য ওয়াকাস বাংলাদেশে লুকিয়ে থাকতে পারেন বলে কিছু তথ্য র-এর কাছে আগে থেকেই ছিল। তবে তাঁর সঠিক অবস্থান জানা ছিল না ভারতীয় গোয়েন্দাদের। কিন্তু ওয়াকাসের ওপর র-এর অব্যাহত নজরদারি ছিল। এতে তাঁকে নিয়ন্ত্রণকারী আইএসআইয়ের সদস্যরা তাঁর ধরা পড়ে যাওয়ার ব্যাপারে চিন্তিত হয়ে পড়েন এবং দেশে ফিরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন।
পত্রিকাটির দাবি, এমন পরিস্থিতিতে ওয়াকাসের জন্য একটি পাসপোর্ট তৈরি করে আইএসআই। কিন্তু ঢাকার বিমানবন্দরে পৌঁছানোর পর বাংলাদেশের অভিবাসন কর্মকর্তারা দেখেন, তাঁর পাসপোর্টে বিমানবন্দরে প্রবেশের টিকিট নেই। এতে তাঁকে আটকের প্রস্তুতি নেন ওই কর্মকর্তারা। বিষয়টি র-এর এক কর্মকর্তার নজরে আসে। তিনি দ্রুত তাঁর স্মার্টফোনে ওয়াকাসের ছবি তুলে সেটি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন।
র-এর কর্মকর্তারা যাচাই করে দেখেন, দীর্ঘ ছয় ফুট লম্বা ছবির ওই ব্যক্তিকেই খুঁজছেন তাঁরা। আর তাঁকে আটকের প্রস্তুতি চলছে জানতে পেরে শিহরিত হয়ে ওঠেন র-কর্মকর্তারা। এরপর র-এর কর্মকর্তারা তাঁদের নিখুঁত কলাকৌশল খাটিয়ে নিজেদের প্রকাশ না করে ওয়াকাসকে নিজেদের নিয়ন্ত্রণে এনে ভারতে নিয়ে যান। ধরা পড়ার পর ওয়াকাসকে কীভাবে বিমানবন্দরের বাইরে ও পরে সীমান্ত পেরিয়ে ভারতে নিয়ে যাওয়া হলো, তা পরিষ্কার নয়। এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ মো. নাজমুল আলম প্রথম আলোকে বলেন, এ ধরনের ঘটনা সম্পর্কে পুলিশ অবগত নয়।