বিদ্যুতের পাইকারি দাম পাঁচ দশমিক ১৬ শতাংশ ও সঞ্চালন মূল্যহার এক দশমিক ৫৩ শতাংশ পর্যন্ত বাড়ানো হলেও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর দরকার হবে না। বিদ্যমান দামে ২০১৪-১৫ সালে কোম্পানিটির রাজস্ব উদ্বৃত্ত হবে প্রায় ২৯১ কোটি টাকা।
এই হিসাব এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটির। ডিপিডিসি গ্রাহক পর্যায়ে ১৭ দশমিক ৮৫ শতাংশ দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে তা বিশ্লেষণ করে কমিটির দেওয়া প্রতিবেদনে এই হিসাব তুলে ধরা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি মিলনায়তনে ডিপিডিসির প্রস্তাবের ওপর গণশুনানি হয়।
ডিপিডিসি ঢাকা মহানগরের বৃহদাংশে বিদ্যুৎ বিতরণ করে থাকে। এর গ্রাহক সংখ্যা প্রায় ১০ লাখ। সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা প্রায় এক হাজার ৪০০ মেগাওয়াট। ঢাকায় বিদ্যুৎ বিতরণে নিয়োজিত আরেকটি কোম্পানি হচ্ছে ডেসকো (ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি)। বিইআরসির একটি সূত্র জানায়, ডেসকোর আর্থিক অবস্থা বিতরণ কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে ভালো। কাজেই পাইকারি দাম বাড়ানো না হলে তাদেরও গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর দরকার হবে না। ডেসকো ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাবের ওপর শুনানি হবে রোববার। ডেসকো ১৭ দশমিক ৪৫ শতাংশ ও আরইবি ২৫ দশমিক ৮৯ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে।
সকালে শুনানি হয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিতরণ অঞ্চলে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাবের ওপর। পিডিবি ২২ শতাংশ (প্রতি ইউনিটে ৮৪ পয়সা) দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তা মূল্যায়ন করে বিইআরসির কারিগরি কমিটি বলেছে, পাইকারি দাম বাড়ানো না হলে পিডিবির বিতরণ অঞ্চলে তিন দশমিক ০৯ শতাংশ দাম বাড়াতে হবে। পাইকারি দাম পূর্বোক্ত হারে বাড়ানো হলে বৃদ্ধির হার হবে সাত দশমিক ৮৩ শতাংশ।
শুনানিতে অংশ নেওয়ার জন্য নাম তালিকাভুক্ত করা ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের বেশির ভাগই গতকালও শুনানিতে অংশ নেননি। গ্রাহকদের পক্ষে কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের (ক্যাব) উপদেষ্টা এম শামসুল আলম ও গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি শুনানিতে সক্রিয় ভূমিকা রাখেন। শুনানি কার্যক্রম পরিচালনা করেন বিইআরসির চেয়ারম্যান এ আর খান।