বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার সম্পর্ক দীর্ঘদিনের। এ দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর সম্প্রসারিত ও গভীরতর হচ্ছে এবং পূর্বের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে তাদের সম্পর্ক নিকটতর। প্রথম আলোর কাছে এক লিখিত মন্তব্যে এ কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা।
গত রোববার ঢাকায় বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মন্তব্য করেন, গত ছয়-সাত বছর বাংলাদেশের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গি খুব স্বস্তিকর ছিল না। অর্থমন্ত্রীর মন্তব্যের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
অর্থমন্ত্রী জাতিসংঘের ৭০তম অধিবেশন ও পেরুর রাজধানী লিমাতে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের পরিচালনা পর্ষদের বৈঠক শেষে ঢাকায় ফিরে সাংবাদিকদের বলেন, গত ছয়-সাত বছরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও রাশিয়ার প্রতি নেতিবাচক অবস্থান নিয়েছে। তবে এর ফলে বাংলাদেশের অর্থনীতির ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি।
অর্থমন্ত্রীর এই বক্তব্যের প্রতি সরাসরি মন্তব্যের বদলে পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা জানান, বাংলাদেশ দারিদ্র্য অবমুক্তি, পুষ্টি, প্রসূতির মৃত্যু ও শিশু স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা এবং নারীর ক্ষমতায়নে যে ‘ঐতিহাসিক সাফল্য’ অর্জন করেছে, তাতে সহযোগিতা করতে পারায় যুক্তরাষ্ট্র গর্বিত। তিনি জানান, যুক্তরাষ্ট্রের মতো অন্য কোনো দেশ বাংলাদেশ থেকে এত অধিক পরিমাণে তৈরি পোশাক কেনে না। বাংলাদেশে সরাসরি বিনিয়োগের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র প্রথম স্থানে রয়েছে। তাঁর মতে, পূর্বের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক অধিক মজবুত এবং দুই দেশের স্বার্থ অধিকতর নিকটবর্তী।