ঢাকা-খুলনা নৌপথে স্টিমার সার্ভিস চালু
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন ঢাকা-খুলনা নৌপথে পুনরায় স্টিমার-সেবা চালু করেছে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল বুধবার সন্ধ্যায় সদরঘাট টার্মিনালে রকেট স্টিমার মধুমতি সার্ভিসের উদ্বোধন করেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম পর্যায়ে প্রতি বুধবার সন্ধ্যায় ঢাকা থেকে স্টিমার এমভি মধুমতি খুলনার উদ্দেশে ছেড়ে যাবে। চাঁদপুর, বরিশাল, কাউখালী, হুলারহাট, চরখালী, বড় মাছুয়া, মোরেলগঞ্জ ও মোংলা হয়ে বৃহস্পতিবার রাত আটটায় খুলনায় পৌঁছাবে। আবার খুলনা থেকে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় রওনা দেবে।
মধুমতিতে বিভিন্ন দলে (ক্যাটাগরিতে) ভাগ হয়ে প্রায় ৮০০ যাত্রী যাতায়াত করতে পারবে। ভিআইপি কেবিনের ভাড়া ৫ হাজার ৭০০ টাকা। প্রথম শ্রেণির (ডাবল কেবিন) ৩ হাজার ৯০০ টাকা, সিঙ্গেল কেবিন ২ হাজার ৯০ টাকা, ডিলাক্স সেমি ডাবল কেবিন ২ হাজার ৭২০ টাকা। এ ছাড়া ইকোনমি চেয়ার ৪৯০ টাকা, তৃতীয় শ্রেণির ডেক ৩১০ টাকা।
রকেট স্টিমার মধুমতি উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী। তিনি বলেন, ২০১০ সালে টার্মিনালে ইজারা প্রথা বাতিল করায় মানুষ স্বস্তি ফিরে পেয়েছে। বিআইডব্লিউটিএ এর তত্ত্বাবধান করায় যাত্রীদের হয়রানি কমার পাশাপাশি পকেটমার ও হকারদের উৎপাত বন্ধ হয়েছে। বিআইডব্লিউটিএর পোটাররা যাত্রীদের মালামাল ওঠানো-নামানোর কাজ করবেন। কোনো ধরনের অভিযোগ পেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান সভাপতিত্ব করেন।