ঢাকা-খুলনা মহাসড়কে ভুগতে হবে ঈদযাত্রায়

আর কয়েক দিন পরই পবিত্র ঈদুল ফিতর। ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী অংশের অনেক জায়গায় সংস্কারকাজ শেষ হলেও অবস্থা এখনো নাজুক। যশোর অঞ্চলের ৩৮ কিলোমিটার অংশ এখনো বেহাল। সব মিলিয়ে ঈদযাত্রায় এই মহাসড়কে ভোগান্তি পোহাতে হবে যাত্রীদের।
মহাসড়কের দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ফরিদপুরমুখী বসন্তপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটারের অনেক স্থানে ভাঙা ও খানাখন্দ মেরামত করা হয়েছে। তবে ফেরিঘাটের চার লেন সড়কের প্রায় আড়াই কিলোমিটার এলাকা এখনো প্রস্তুত নয়।
গত রোববার গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট সড়কের লঞ্চঘাট মোড় এলাকায় গিয়ে দেখা যায়, আশা সুপার মার্কেটের সামনে সড়কের খোয়া ও পাথর বেরিয়ে রয়েছে। ধুলাবালুতে একাকার চারপাশ। কুষ্টিয়া বাস কাউন্টারের সামনের বড় গর্তগুলো মেরামত করা হলেও কাউন্টারের পর চার লেন সড়কের শুরু থেকে ফরিদপুরমুখী বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত আড়াই কিলোমিটার খানাখন্দে ভরা। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে রোববার বড় বড় কয়েকটি গর্ত পাথর দিয়ে ভরাট করে কার্পেটিং করতে দেখা গেছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী কে বি এম সাদ্দাম হোসেন বলেন, বসন্তপুর থেকে চার লেন সড়কের আগপর্যন্ত ১৪ কিলোমিটার অংশের প্রায় সাড়ে পাঁচ কিলোমিটারের সংস্কারকাজ শেষ হয়েছে। দুই-তিন দিনের মধ্যে বাকি কাজও শেষ হওয়ার কথা।
পাঁচ্চর থেকে ভাঙ্গা পর্যন্ত হতে পারে ভোগান্তি
ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকার বাবুবাজার থেকে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ঘাট হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৬ কিলোমিটার মহাসড়ক দুই লেন থেকে ছয় লেনে উন্নীতকরণের কাজ শুরু হয় ২০১৬ সালের ১৮ নভেম্বর। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ২০১৯ সালের জুনের মধ্যে।
গত শুক্রবার ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চর থেকে ভাঙ্গা পর্যন্ত ঘুরে দেখা যায়, কোথাও মাটি লেভেল করা হচ্ছে। কোথাও চলছে পিচ ঢালাই। সেই সঙ্গে তৈরি হচ্ছে কালভার্ট ও আন্ডারপাস। রাস্তার দুই পাশে বালু, পাথর রাখায় সড়কের প্রশস্ততা কমে এসেছে। ধীরগতিতে চলছে যানবাহন। ফলে ঈদযাত্রায় যানবাহনের চাপ বাড়লে তাতে ভোগান্তি পোহাতে হতে পারে যাত্রীদের।
যশোর অংশের ৩৮ কিমির অবস্থা এখনো নাজুক
ঢাকা-খুলনা মহাসড়কের যশোর অংশের ৬৪ কিলোমিটারের মধ্যে ৩৮ কিলোমিটার এখনো গর্তে ভরা। সওজ এই অংশের ছোট ছোট গর্তে ইট ফেলে এবং বেশি ভাঙা অংশে ইটের সলিং আর পাথর-বালুর আস্তরণ দিয়ে সড়ক সচল রাখার চেষ্টা করছে। রোববার যশোর শহরের মুড়ুলি মোড়ে গিয়ে দেখা যায়, মহাসড়কের বিটুমিন খসে গেছে। সড়কের মধ্যে ছোট-বড় গর্ত। সওজের শ্রমিকেরা ইট ফেলে গর্ত ভরাট করছেন। তার ওপর দিয়ে ধীরে ধীরে চলছে যানবাহন।
এ মহাসড়কে খুলনার দিকে যেতে রাজারহাটে বিটুমিন উঠে সড়কের একাংশ দেবে গেছে। ভাঙ্গা গেট এলাকার অন্তত ৩০০ মিটার এলাকায় বিটুমিন উঠে গেছে, খানাখন্দের সৃষ্টি হয়েছে। প্রেমবাগ গেট, আলীপুর ও মহাকাল অংশে মহাসড়ক খুঁড়ে অন্তত দেড় কিলোমিটারে পাথর ও বালুর আস্তরণ (ম্যাকাডাম) করে রাখা হয়েছে। যশোর শহর থেকে মাগুরার সীমাখালী সেতু পর্যন্ত কার্পেটিং করা হয়েছে। তবে শহরের খাজুর বাসস্ট্যান্ড থেকে বাহাদুরপুর মোড় পর্যন্ত অন্তত তিন কিলোমিটার অংশ যেন ছেঁড়া কাঁথা।
সওজ যশোরের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, ‘মহাসড়কের যশোর অংশের ৬৪ কিলোমিটার সড়কের মেরামতকাজ ইতিমধ্যে শেষ করেছি। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের ওপর ইটের সলিং ও ম্যাকাডাম করার কারণে কোথাও কোথাও হয়তো যানবাহনের গতি ধীর। তবে কোথাও যানজট নেই।’